প্ল্যান ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন প্রথম আলোর সফি খান–নাজনীনসহ ৯ সাংবাদিক

ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উন্নয়নের সঙ্গে তাল মেলানো প্রয়োজন সামাজিক উন্নয়নের। কিশোর-কিশোরী ও যুবাদের, বিশেষ করে যুব নারীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাল্যবিবাহের বিরুদ্ধে আওয়াজ তুলতে সক্ষম করে তোলার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমে প্রতিবেদন করে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের আওতায় এই মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাংলাদেশে অবস্থিত সুইডেন দূতাবাসের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহের আফরোজ
ছবি: তানভীর আহাম্মেদ

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ বলেন, উন্নয়নশীল দেশের পথে এগিয়ে যাচ্ছে দেশ। একটি দেশকে যথাযথভাবে উন্নত করতে হলে জোর দিতে হবে সামাজিক উন্নয়নের দিকেও। বাল্যবিবাহ এ পথে অন্যতম প্রধান অন্তরায়। তিনি বলেন, ‘দেশকে বাল্যবিবাহমুক্ত করতে বাংলাদেশ সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অনেকটা পথ এগোলেও করোনা আমাদের সামনে নিয়ে এসেছে নতুন চ্যালেঞ্জ।’

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, ‘সমাজের চিন্তাচেতনা সহসা পরিবর্তন সম্ভব নয়। তবে পরিবর্তন আসছে, সবাই এর বিরুদ্ধে কথা বলছি। কিন্তু মূল কারণের সমাধান না হলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। আর এ ক্ষেত্রে গণমাধ্যমের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।’

অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মী শাহনাজ খুশি বলেন, মেয়েরাই এখন নিজেদের অধিকার নিশ্চিতে সচেতন। তাঁরা নিজেরাই এখন পারছে নিজেদের বাল্যবিবাহ রুখে দিতে। গণমাধ্যম ও সংস্কৃতির এখানে আরও জোরালো ভূমিকা রয়েছে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক (গার্লস রাইটস) কাশফিয়া ফিরোজ বলেন, সারা দেশে করা এক জরিপে এসেছে, অংশগ্রহণকারীদের প্রায় ৩৫ শতাংশের মতে যৌন হয়রানির ভয় বাল্যবিবাহের অন্যতম মূল কারণ। ২৫ দশমিক ৬ শতাংশের মতে, সামাজিক বিভাজনজনিত উদ্বেগের কারণে মা-বাবা মেয়েদের অল্প বয়সেই বিয়ে দিয়ে দেন। এ ভয় দূর করতে হবে। বিয়ে যে সমাধান নয়, এ বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারে গণমাধ্যম।

ছবি: তানভীর আহাম্মেদ

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সরকার, সুশীল সমাজ, উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। মেয়েদের শিক্ষা নিশ্চিতে সরকারি অনেক উদ্যোগ রয়েছে। অভিভাবকদের আরও বেশি সচেতন করে তুলতে হবে। তাঁদের ক্ষমতায়ন করা জরুরি, যেন তাঁরা অল্প বয়সে মেয়েদের বিয়ে না দেন, মেয়েদের কোনোভাবেই বোঝা না মনে করেন এবং তাদের স্বনির্ভর করে গড়ে তুলতে সক্ষম হন। এ সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম কাজ করে আসছে।

অনুষ্ঠানে সাংবাদিক জ ই মামুন বলেন, মা-বাবাদের অনেকের ধারণা, বিয়ে সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা। এই অনিশ্চয়তা থেকে মা-বাবাদের মুক্ত করতে হবে। রাষ্ট্রসহ সবাইকে এ দায়িত্ব নিতে হবে।

অ্যাওয়ার্ড পেয়েছেন প্রথম আলোর নাজনীন আখতারসহ ৯ জন
ছবি: তানভীর আহাম্মেদ

যারা অ্যাওয়ার্ড পেলেন 

প্ল্যান ইন্টারন্যাশনালের মিডিয়া অ্যাওয়ার্ডে আঞ্চলিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জহিরুল ইসলাম (এসএ টিভি), শাকিল মুরাদ (একাত্তর টিভি), সফি খান (প্রথম আলো) ও মাসুদুর রহমান (আজকের পত্রিকা)। জাতীয় ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শাহেদ শফিক (বাংলা ট্রিবিউন), নীলিমা জাহান (দ্য ডেইলি স্টার), সাজ্জাদ পারভেজ (যমুনা টিভি), নাজনীন আখতার (প্রথম আলো) ও জাহাঙ্গীর আলম (জাগো নিউজ ২৪)।

অনুষ্ঠান থেকে বলা হয়, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবএফজি) প্রকল্পটি কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা, ৩টি পৌরসভা, ৭৩টি ইউনিয়ন পরিষদে কাজ করছে। ২০২২ সালের মার্চের মধ্যে বাল্যবিবাহের সংখ্যা ১৮ বছরের নিচে এক-তৃতীয়াংশে নামিয়ে আনা এবং ১৫ বছরের নিচে শূন্যের কোঠায় নিয়ে আসা এ প্রকল্পের মূল লক্ষ্য। বাল্যবিবাহ কমিটি শক্তিশালী প্রকল্পটি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করে। প্রতি মাসে কতসংখ্যক বাল্যবিবাহ হচ্ছে, তার তথ্য সংগ্রহ করে কমিটি। ঘটক, কাজিসহ বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে চিহ্নিত করে প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় নিয়ে আসা গেলে বাল্যবিবাহ কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হেড অব সেন্ট্রাল অ্যান্ড নর্দান রিজিওন আশিক বিল্লাহ এবং প্রকল্প ব্যবস্থাপক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।