বিশ্বব্যাপী নৈতিকতার স্খলন রোধে পয়লা জানুয়ারিকে ‘নৈতিকতা দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে ‘স্কলারস বাংলাদেশ’-এর অঙ্গসংগঠন এথিকস ক্লাব বাংলাদেশ। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দিবসটি পালনের মধ্য দিয়ে এ আহ্বান জানিয়েছে তারা।দিবসটি পালন উপলক্ষে বিকেলে টিএসসি থেকে একটি শোভাযাত্রা বের করেন ক্লাবের সদস্যরা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। এ সময় সদস্যরা ‘দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য’, ‘মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে’, ‘সদা সত্য কথা বলিব’—এসব নীতিবাক্য-সংবলিত ব্যানার বহন করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাকিম চত্বরে এসে শেষ হয়। ধ্রুব শিশু-কিশোর সংগঠনের শিক্ষার্থীদের ‘শান্তিরও জয় হোক, সত্যেরও জয় হোক’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সংগঠনের সদস্যরা মিথ্যা কথা না বলাসহ একটি সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে আত্মনিয়োগ করার শপথ নেন। ফরাসউদ্দিন শপথবাক্য পাঠ করান। এরপর শুরু হয় ‘মানবতা ও দেশপ্রেম’ শীর্ষক আলোচন সভা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমাদের দেশে এককালে নৈতিকতার যে উৎসগুলো ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। পাঠ্যবইয়েও এখন আর এসব শিক্ষা দেওয়া হয় না। নৈতিকতার স্খলন রোধে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, নীতি আর দুর্নীতির সীমারেখা এতটাই অস্পষ্ট হয়ে গেছে যে তা থেকে নীতিকে আলাদা করা কঠিন হয়ে পড়েছে। একসময় সমাজ থেকেই নৈতিকতার শিক্ষা নেওয়া হতো। আর এখন পুরো সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় এখানে শুধু নিজেকে পরিশুদ্ধ রেখে চলা কষ্টকর। স্কলারস বাংলাদেশের সভাপতি এম ই চৌধুরী শামীম বলেন, ইতিমধ্যে দিবসটিকে আন্তর্জাতিকভাবে পালনের অনুমতির জন্য জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মোহাম্মদ আবদুল্লাহ ও জিয়াউদ্দিন আহমেদ বক্তব্য দেন।