পয়লা বৈশাখ ছাড়া রমনায় কোনো অনুষ্ঠান নয়
বাংলা নববর্ষ উদ্যাপন ছাড়া রমনা পার্কে এখন থেকে আর কোনো অনুষ্ঠানের অনুমতি দেবে না সরকার। গতকাল মঙ্গলবার ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিশনে এক সেমিনারে পরিবেশবাদীদের দাবির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
‘রমনা পার্ক: সৌন্দর্য, উপযোগিতা ও ঐতিহ্য সুরক্ষা’ শীর্ষক এ সেমিনার যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ বার্ড ক্লাব, সমন্বয় আর্কিটেক্টস, তরুপল্লব ও পরিবর্তন চাই।
মন্ত্রী বলেন, পয়লা বৈশাখ ছাড়া রমনা পার্কে এখন থেকে আর কোনো মেলা করা যাবে না। গণপূর্ত মন্ত্রণালয় অনুষ্ঠানের অনুমতি দেবে না। বরং পার্কটির সৌন্দর্য বাড়াতে সব পরিবেশবাদী সংগঠনের নেতাদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। মন্ত্রণালয়ের সম্পূর্ণ খরচে পার্কটিকে ফুলে সাজিয়ে দেওয়া হবে। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান থেকে শহীদ জিয়া শিশুপার্ক সরিয়ে নিতে অনেকে দাবি জানিয়েছেন। কিন্তু দ্বিমত পোষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী চান, পার্কটি এখানেই থাকুক। কারণ, পার্কে বেড়াতে এসে সোহরাওয়ার্দী উদ্যানে থাকা মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবে শিশু-কিশোরেরা। এ জন্য পার্ক থেকে উদ্যান ও রমনায় যাওয়ার পথ নির্মাণ করা হবে। শাহবাগ থেকে ফুলের দোকানগুলো সরানো হবে না, বরং সুন্দর পরিবেশে তাদের ব্যবসা পরিচালনায় একটি পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, সোহরাওয়ার্দী উদ্যান রক্ষায় হাইকোর্টে একটি আবেদন করেছিলেন তিনি। আদালত তাঁর আবেদনের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেয়নি। অথচ গৃহায়ণ ও বন মন্ত্রণালয়ের অধীনে থাকা দেশের উদ্যান ও পার্কগুলো সংরক্ষণ এবং সৌন্দর্য বাড়াতে একটি সমন্বিত নীতিমালা দরকার। তিনি বলেন, বলধা গার্ডেনের পাশে একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এতে পার্কটি ধ্বংসের সম্মুখীন। পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় স্থপতি তুগলক আজাদ বলেন, কোটি মানুষের অধিক অধ্যুষিত ঢাকার রমনা পার্ক নিশ্বাস নেওয়ার একটি বড় স্থান। এখানে আছে দুর্লভ প্রজাতির গাছ ও পাখি। পার্কের ঐতিহ্য রক্ষায় অপ্রয়োজনীয় গাছগুলো কেটে ফেলতে হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা, ফেডারেশন অব ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ আর খান, আইএবির সভাপতি স্থপতি আবু সাঈদ এম আহমেদ, তরুপল্লবের সহসভাপতি মো. শাহজাহান মৃধা, বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব প্রমুখ বক্তব্য দেন।