পয়লা বৈশাখে চকবাজারে ইফতারি বিক্রির ধুম
রকমারি ইফতারির সাজে সাজানো ইফতারিপাড়া। মুখরোচক খাবারের হাঁকডাক আর ক্রেতাদের উপচে পড়া ভিড়। পয়লা বৈশাখের দিনে এমন ক্রেতাসমাগম দেখা গেল রাজধানীর চকবাজারে।
নববর্ষ উপলক্ষে বিক্রেতাদের হাঁকডাকে চিরচেনা চকবাজারের চেহারা দুপুরের পর থেকেই পাল্টাতে থাকে। বিকেলে সেখানে গিয়ে দেখা গেল ক্রেতাদের ভিড়ে পা ফেলার জো নেই।
চকবাজারের ইফতারিপাড়া এবারও প্রথম রোজা থেকে মুখর। তবে পয়লা বৈশাখের দিনে ইফতারি বিক্রি অনেক বেড়েছে বলে জানালেন বিক্রেতারা।
চকবাজারে ইফতারির মধ্যে উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে ছিল—আস্ত মুরগির কাবাব, মোরগ মুসাল্লম, বটিকাবাব, টিকাকাবাব, কোফতা, চিকেন কাঠি, শামিকাবাব, শিকের ভারী কাবাব, সুতিকাবাব, কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, জিলাপি, শাহি জিলাপি, নিমকপারা, সমুচা, আলাউদ্দিনের হালুয়া, হালিম, দইবড়া, সৌদি পানীয় লাবাং, কাশ্মীরি শরবত, ইশবগুলের ভুসি, পুরিসহ আরও অনেক কিছু।
ইফতারির বাজার ঘুরে দোকানভেদে ইফতারির নানা পদের দামে তারতম্য দেখা গেছে। আলমগীর নামে এক ইফতারি বিক্রেতা জানালেন, তাঁরা মুরগির ঝাল ফ্রাই বিক্রি করে ৩৫০ টাকায়। এ ছাড়া গ্রিল মুরগি ৩৫০, কবুতরের ভুনা ২০০, খাসির রান ৮০০, সুতিকাবার ১০০০ ও খাসির সুতিকাবাব ১১০০ টাকায় বিক্রি করছেন।
ইফতারি কিনতে এসেছেন ইসলামবাগের সাইমুল হক। তিনি জানালেন, চকবাজারের ইফতারি তাঁদের ঐতিহ্য। প্রতি রমজানে তাঁরা এখান থেকে ইফতারি সংগ্রহ করেন। তবে এ বছর আজ প্রথম ইফতারি নিতে এসেছেন।
রোকসানা পারভীন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ইফতারি কিনতে এসে জানালেন, সকালে তিনি পয়লা বৈশাখ উপলক্ষে টিএসসিতে গিয়েছিলেন। সেখান থেকে সারা দিন ঘোরাঘুরি করে চকবাজারে এসেছেন। চকবাজার থেকে শাহি জিলাপি ও হালিম নিয়ে বাসায় ফিরবেন।
রমজান মাসে চকবাজার ইফতারিপাড়ায় চিকেন ও বিফ পরোটা বিক্রি করেন ইসলামবাগের খোকন আলী। তিনি জানালেন, দুপুর থেকে তিন ঘণ্টায় পাঁচ হাজার টাকা বিক্রি করেছেন। অন্য দিনের তুলনায় আজ ইফতারি বিক্রি ভালো হয়েছে।