পয়লা বৈশাখের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পুলিশের নির্দেশনা
পয়লা বৈশাখে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এ ছাড়া রমনা বটমূলসহ বর্ষবরণের কেন্দ্রগুলোতে প্রবেশ ও বের হওয়ার পথ সুনির্দিষ্ট করে দিয়েছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে নগরবাসীর জন্য কয়েকটি পরামর্শও দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। গত মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু নববর্ষের বিভিন্ন কর্মসূচি নির্বিঘ্ন করতে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। বাস চলাচলের বিকল্প রাস্তা: যেসব বাস ফার্মগেট হয়ে গুলিস্তান, সায়েদাবাদ-যাত্রাবাড়ী যাতায়াতকারী, সেগুলো শাহবাগ মোড় এড়িয়ে হোটেল সোনারগাঁও থেকে বাঁয়ে মোড় নিয়ে মগবাজার-মালিবাগ হয়ে অথবা বাংলামোটরে বাঁয়ে মোড় নিয়ে মগবাজার-মালিবাগ হয়ে যাওয়া-আসা করবে। সায়েন্স ল্যাবরেটরি হয়ে মতিঝিল-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-শ্যামপুর যাতায়াতকারী বাসগুলোও শাহবাগ মোড় বাদ দিয়ে নিউমার্কেট-নীলক্ষেত-বেবি আইসক্রিম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বক্শীবাজার-চানখারপুল দিয়ে গুলিস্তান হয়ে যাওয়া-আসা করবে। উত্তরা-বিমানবন্দর থেকে গুলিস্তান-সায়েদাবাদ রুটে চলাচলকারী বাস মহাখালী-ফার্মগেটের দিকে না এসে প্রগতি সরণি হয়ে বাঁয়ে মোড় নিয়ে মালিবাগ রেলক্রসিং হয়ে খিলগাঁও ফ্লাইওভার ধরে গন্তব্যে যাবে এবং আসবে। ধামরাই, মানিকগঞ্জ, গাবতলী হতে গুলিস্তান, ফুলবাড়িয়ার মধ্যে চলাচলকারী বাস মিরপুর রোড ধরে সায়েন্স ল্যাবরেটরি হয়ে নিউমার্কেট-নীলক্ষেত ক্রসিং-ঢাকেশ্বরী মন্দির-বক্শীবাজার-চানখারপুল হয়ে গন্তব্যে যাবে এবং আসবে।যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে:বাংলামোটর থেকে পুরোনো এলিফ্যান্ট রোড হয়ে ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-শেরাটন ক্রসিং পর্যন্ত। শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন হয়ে হাইকোর্ট ক্রসিং পর্যন্ত। শেরাটন ক্রসিং থেকে মিন্টো রোড-বেইলি রোড-হেয়ার রোড-কাকরাইল মসজিদ ক্রসিং-চার্চ ক্রসিং হয়ে মৎস্য ভবন পর্যন্ত। নীলক্ষেত ক্রসিং থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে টিএসসি পর্যন্ত। পলাশী মোড় থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর পর্যন্ত। বক্শীবাজার থেকে জগন্নাথ হল হয়ে টিএসসি পর্যন্ত।গাড়ি পার্কিং: যেসব সড়ক ও জায়গায় লোকজন গাড়ি রাখতে পারবেন—টিঅ্যান্ডটি ভবনের সামনের জায়গা থেকে পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন রোড, কার্জন হল থেকে আবদুল গনি সড়ক, কার্জন হল থেকে ফুলবাড়িয়া, মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা, পুরো বেইলি রোড ও কাঁটাবন থেকে পলাশী মোড়।রমনা বটমূলে প্রবেশ ও বের: যেসব ফটক দিয়ে রমনায় ঢোকা যাবে তা হলো অরুণোদয় (সুগন্ধার বিপরীত), রমনা রেস্তোরাঁসংলগ্ন, অস্তাচল (শিশুপার্কসংলগ্ন), নতুন গেট (বৈশাখী ও অস্তাচলের মাঝে)। বের হওয়ার ফটকগুলো হলো উত্তরায়ণ (থাই ক্রসিং) ও বৈশাখী গেট। এ ছাড়া শ্যামলিমা (কাকরাইল মসজিদসংলগ্ন), স্টার গেট (মৎস্য ভবনসংলগ্ন) এই দুটি ফটক দিয়ে প্রবেশ ও বের হওয়া যাবে।সোহ্রাওয়ার্দী উদ্যান: যেসব পথ দিয়ে ঢোকা যাবে —ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনসংলগ্ন ফটক, টিএসসিসংলগ্ন গেট ও তিন নেতার মাজার ফটক। বের হওয়ার পথগুলো হলো—চারুকলার বিপরীতে শিশুপার্ক ফটক ও কালীমন্দির ফটক। শিখা চিরন্তন ফটকটি বন্ধ থাকবে।পুলিশের নিরাপত্তা পরামর্শ: পয়লা বৈশাখের অনুষ্ঠানস্থলে সন্দেহজনক বস্তু যেমন—ব্যাগ, অস্ত্র, ছুরি, কাচি, পটকা, দাহ্য পদার্থ, ক্ষয়কারক তরল (এসিড), ব্লেড, নেইল কাটার, দেশলাই, গ্যাসলাইটার ইত্যাদি বহন না করার অনুরোধ করেছে পুলিশ। সোহ্রাওয়ার্দী উদ্যানের ভেতরে ভাসমান বিক্রেতাদের বসতে দেওয়া হবে। তবে তাদের ভোর চারটার আগে ওই এলাকায় ঢুকতে হবে। সঙ্গে শিশুরা থাকলে তাদের পকেটে অভিভাবকের বাসার ঠিকানা ও মোবাইল ফোন নম্বরসংবলিত কাগজ রাখতে বলা হয়েছে। এ ছাড়া কোনো সন্দেহজনক ব্যক্তি অথবা ঘটনা দেখলে তা শাহবাগ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ অথবা কাছের কোনো সাব-নিয়ন্ত্রণ কক্ষে জানাতে বলা হয়েছে। রমনাপার্ক, সোহ্রাওয়ার্দী উদ্যান ও ধানমন্ডির রবীন্দ্রসরোবরে পুলিশের উপনিয়ন্ত্রণ কক্ষ থাকবে। এ ছাড়া এসব এলাকায় কোনো সমস্যা বা গোলযোগ হলে তা শাহবাগ, ধানমন্ডি ও রমনা থানায় জানাতে বলা হয়েছে।