পয়োনালা বন্ধ হয়ে সড়কে নোংরা পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারওয়ান বাজারের আম্বর শাহ (রহ.) শাহি জামে মসজিদের পাশের রাস্তায় আবর্জনা ও নালার নোংরা পানি
কারওয়ান বাজারের আম্বর শাহ (রহ.) শাহি জামে মসজিদের পাশের রাস্তায় আবর্জনা ও নালার নোংরা পানি

নোংরা পানিতে সয়লাব কারওয়ান বাজারের আম্বর শাহ (রহ.) শাহি জামে মসজিদের চারপাশ। সবজি, আবর্জনা ও আশপাশের রেস্তোরাঁ থেকে আসা পানিতে পয়োনিষ্কাশন পথগুলো বন্ধ হয়ে আছে। এসব দেখার দায়িত্বে যে দুটি সংস্থা, তাদের কার্যালয় খুব দূরে নয়। পথচারী ও ব্যবসায়ীদের অভিযোগ, কর্তৃপক্ষ কিছু দেখেও দেখে না।

কারওয়ান বাজারের প্রায় সব জায়গায় খাবার ও সবজির উচ্ছিষ্ট পড়ে থাকতে দেখা যায়। আম্বর শাহ মসজিদের পাশে খাবারের দোকানগুলোর সামনের রাস্তায় নালার উপচে পড়া ময়লার দুর্গন্ধে এ পথে চলা দায়। এ পরিবেশেই এখানে খাবারের দোকানগুলোতে খাবার তৈরি হচ্ছে এবং লোকজন তা খাচ্ছেও।

মো. শাহজাহান এখানকার একটি দোকানে খাচ্ছিলেন। তিনি বলেন, ‘নোংরা পানির দিকে চোখ গেলে আর খাবার খেতে ইচ্ছা করে না।’

আম্বর শাহ মসজিদের সামনে নয় বছর ধরে টুপি, তসবি ও বিভিন্ন সামগ্রী বিক্রি করেন মো. আবদুস শাকুর। তিনি প্রথম আলোকে বলেন, ‘মসজিদের উত্তর দিকের ময়লাগুলো দুই মাস ধরে একইভাবে পড়ে আছে। এই জায়গায় মলও ভাসতে দেখা যায়। এখন অনেক দিন ধরে দেখছি নোংরা পানি সরছে না। দুই বছর আগে নিজেরা এই জায়গায় স্ল্যাব বসিয়েছি। কী করব, কর্তৃপক্ষ এসব দেখেও দেখে না।’

মসজিদের আরেক পাশে খাবার হোটেলের সামনে নালায় জমে থাকা নোংরা পানি l ছবি: নাসরিন আক্‌তার
মসজিদের আরেক পাশে খাবার হোটেলের সামনে নালায় জমে থাকা নোংরা পানি l ছবি: নাসরিন আক্‌তার

আম্বর শাহ মসজিদের অফিস সহকারীর সঙ্গে কথা বলে জানা যায়, মসজিদের সামনে এই নোংরা পরিবেশের কারণে মুসল্লিদের সমস্যা হয়। মসজিদ কমিটির পক্ষ থেকে ২১ ডিসেম্বর সিটি করপোরেশনের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মসজিদের পূর্ব অংশে ফুটপাতের একটি স্ল্যাব উঠিয়ে একটি লাঠির সাহায্যে নালা পরিষ্কার করছিলেন নুরুল ইসলামসহ সিটি করপোরেশনের দুজন পরিচ্ছন্নতাকর্মী।

নুরুল ইসলাম বলেন, ‘বছর দুই আগে এখানে পাইপলাইন বসানোর কাজ হয়েছে। সেগুলোর ওপর দিয়ে ভারী গাড়ি চলাচল করার কারণে তা ভেঙে দেবে গেছে। ভেতরটা ময়লায় ভরাট হয়ে গেছে। তাই এখন আর পানি সরে না।’ তিনি জানান, এই নালার ভেতর বিভিন্ন কোম্পানির কেব্‌ল লাইনও আছে। পুরো নালা পরিষ্কার করতে গেলে সেগুলো সরাতে হবে।

কারওয়ান বাজারের এই আবর্জনা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান বলেন, কারওয়ান বাজারে আবর্জনা ও ময়লা পানি জমে থাকে না। এগুলো প্রতিদিনই পরিষ্কার করা হয়। এখানকার দোকানদারেরা ময়লাগুলো ফেলেন। পয়োনিষ্কাশনের বিষয়ে তিনি প্রধান নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ডিএনসিসির ৫ নম্বর অঞ্চলের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. শরীফ হোসেন বলেন, কারওয়ান বাজারের পয়োনালাগুলো বেশির ভাগই ঢাকা ওয়াসার। এগুলো ভরাট হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। অনেকগুলো বদলাতেও হবে। তিনি বলেন, ‘আমরা নতুন কিছু পাইপলাইন বসাচ্ছি। কিন্তু সেগুলো যথেষ্ট নয়।’

কারওয়ান বাজারের ব্যবসায়ী ভূঁইয়া স্টোরের মালিক হাজি সিদ্দিকুর রহমান বলেন, ‘দোকানের ময়লাগুলো আমরা একটি ড্রামে রাখি, সেগুলো জায়গামতো ফেলা হয়। তবে কেবল ময়লা ফেলার কারণে এখানে পানি জমে না, বরং এই জায়গার দুইটা ড্রেন দেবে গিয়ে এই অবস্থা হয়েছে।’

ডিএনসিসির সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা অঞ্চল-৫ (কারওয়ান বাজার) মো.¯মফিজুর রহমান ভূঁইয়া বলেন, কামারপট্টির মধ্য দিয়ে ইটিভি ভবনের দিকে পয়োনালা তৈরি করা হবে। এ কাজে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, ‘ড্রেন পরিষ্কারের জন্য আমাদের একটি বড় গাড়ি (ড্রেন সাকার) আছে। জার্মানি থেকে আনা গাড়িটির দাম ১০ কোটি টাকার বেশি। কিছুদিন আগে ওই গাড়ির চাকা ফেটে যায়, এ কারণে প্রায় দুই সপ্তাহ ধরে কাজ করতে পারেনি। এ দেশে সে চাকা পাওয়া যায়নি। একটি বেসরকারি কোম্পানির কাছে পুরোনো একটি চাকা পাওয়া গেছে। তা আমরা গাড়িতে লাগিয়েছি। গাড়িটি এখন ঠিক হয়েছে, সেটি কালই (আজ বুধবার) কারওয়ান বাজারে আম্বর শাহ মসজিদের সামনে কাজ করবে।’