ফকিরাপুল ও মতিঝিলে দুজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর ফকিরাপুল ও মতিঝিল এলাকায় পৃথক ঘটনায় এক নারীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ফাতেমা আক্তার (৪০) ও মিজানুর রহমান (৪০)।
গতকাল শুক্রবার বেলা একটার দিকে ফকিরাপুলের হোটেল আল সাহারা থেকে ফাতেমা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, ওই নারী আত্মহত্যা করেছেন।
মতিঝিল থানার পুলিশের ভাষ্য, খবর পেয়ে বেলা একটার দিকে ফকিরাপুলের আল সাহারা আবাসিক হোটেলের ১২০ নম্বর কক্ষের দরজা ভেঙে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত ছিল। ওই নারী হোটেলটির পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। প্রতিদিনের মতো আজও তিনি ওই হোটেলে কাজ করতে যান। পরে হোটেলের ওই কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। অনেকক্ষণ হয়ে গেলেও দরজা না খোলায় হোটেলের লোকজন ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে তাঁরা থানায় খবর দেন।
মতিঝিলের শাপলা চত্বরের সামনে গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মিজানুর রহমান মারা যান। রাস্তার ওপরে একটি কাভার্ড ভ্যানে মালপত্র ওঠানোর সময় আরেকটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত দুইটার দিকে মিজানুরকে মৃত ঘোষণা করা হয়।