ফকিরাপুলে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ওই তরুণের নাম মো. সবুজ (২৩)। তিনি অর্থ মন্ত্রণালয়ের একটি প্রকল্পে অফিস সহকারী পদে চুক্তিভিত্তিক কাজ করতেন। সবুজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়।

সবুজের খালাতো ভাই মো. মুরাদ বলেন, ফকিরাপুলের একটি ভবনের ১০ তলায় একটি মেসে থাকতেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে তিনি ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার কথা বলে বের হন। রুমমেটরা তাঁকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ভবনের ছাদে গিয়ে তাঁরা দেখেন, গলায় রশি প্যাঁচানো অবস্থায় পানির পাইপের সঙ্গে ঝুলে আছেন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

তিন মাস আগে সবুজ বিয়ে করেন জানিয়ে মুরাদ বলেন, ‘সবুজের স্ত্রী অসুস্থ। গতকাল বৃহস্পতিবার গ্রাম থেকে টঙ্গীতে এক আত্মীয়ের বাসায় এসেছেন। আজ স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল। তিনি কেন এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো জানতে পারিনি।’

পুলিশ জানায়, কোনো কারণে হয়তো হতাশ ছিলেন সবুজ। তবে এ বিষয়ে তাঁর রুমমেট বা সহপাঠীরা কিছু জানাতে পারেননি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান ভূঁইয়া প্রথম আলোকে জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।’