ফখরুদ্দীন ও মইনকে দায়ী করে প্রতিবেদন দেবে সংসদীয় কমিটি
গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে ছাত্রসংঘাতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সেনাপ্রধান মইন উ আহমেদকে দায়ী করে প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংসদীয় উপকমিটি। আগামী ২৩ আগস্ট কমিটির পরবর্তী বৈঠকে এই প্রতিবেদন চূড়ান্ত করা হবে।গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির প্রধান রাশেদ খান মেনন সাংবাদিকদের এ কথা বলেন। মইন উ আহমেদের টেলি কনফারেন্সের প্রস্তাবের ব্যাপারেও ওই দিন সিদ্ধান্ত নেবে সংসদীয় উপকমিটি।সংসদীয় উপকমিটি কয়েক দফা ডাকলেও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদ আসেননি। ওই দুজনই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁরা কমিটির কাছে পাঠানো চিঠিতে ওই ঘটনার দায় অস্বীকার করেছেন।রাশেদ খান মেনন বলেন, তৎকালীন প্রতিরক্ষা গোয়েন্দা (ডিজিএফআই) কর্মকর্তারা বলেছেন, ‘শীর্ষপর্যায়ের নির্দেশেই তখনকার ঘটনা ঘটেছে। তাই বিষয়টি স্পষ্ট করার জন্য তাঁদের (ফখরুদ্দীন-মইন) বক্তব্য শোনা দরকার। তাঁরা যদি এর পরও তাঁদের বক্তব্য না জানান, তাহলে তাঁদের দায়ী করেই আমরা সংসদে প্রতিবেদন দেব। কারণ এখন পর্যন্ত পাওয়া সাক্ষ্য অনুসারে এই ঘটনার জন্য তাঁরাই দায়ী।’২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাসদস্য ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর তা সারা দেশে ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার করা হয় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ অসংখ্য শিক্ষার্থীকে। ওই সময়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে সংসদীয় কমিটি এই উপকমিটি করে।