ফটক অবরোধ করে অবৈধ স্ট্যান্ড প্রশাসন নিশ্চুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যা-লয়ের দক্ষিণমুখী একটি ফটক অবরোধ করে সদরঘাট সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠেছে লেগুনা (হিউম্যান হলার) স্ট্যান্ড। অবৈধ স্ট্যান্ডটির জন্য বিশ্ববিদ্যালয়ের এ ফটকটি দীর্ঘদিন ধরে খোলা সম্ভব হচ্ছে না। স্ট্যান্ডটি ছাত্রলীগের নেতাদের অবৈধ আয়ের উৎস হওয়ায় প্রশাসনও নিশ্চুপ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্যই এত দিন ফটকটি খোলা হয়নি। শিক্ষার্থীরা চাইলে ফটকটি খুলতে অসুবিধা নেই। তবে সে ক্ষেত্রে স্ট্যান্ডের জন্য সমস্যা হতে পারে। ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সূত্র জানায়, শাঁখারীবাজারের পূর্ব পাশ থেকে সদরঘাট নদীবন্দর পর্যন্ত সড়কের নাম দেশবন্ধু চিত্তরঞ্জন এভিনিউ। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার অজুহাতে শাঁখারীবাজার এবং বাংলাবাজারের দিক দিয়ে প্রাচীর তুলে এভিনিউটি অবরোধ করে রাখে। পরে নতুন একাডেমিক ভবন তৈরির সময় বাংলাবাজারের দিক দিয়ে প্রাচীর ভেঙে একটি ফটক নির্মাণ করে কর্তৃপক্ষ। কিন্তু প্রায় তিন বছর আগে তৈরি ফটকটি বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুর রহমান অভিযোগ করেন, অনেক শিক্ষার্থীই সদরঘাট ও কেরানীগঞ্জ এলাকায় থাকেন। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটটি খোলা থাকলে তাঁদের যাতায়াতে সুবিধা হয়।সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ফটক অবরোধ করে এবং ঢাকা কলেজিয়েট স্কুলের দেয়াল ঘেঁষে গড়ে ওঠা এই লেগুনা স্ট্যান্ড সদরঘাট সড়কের একাংশের অর্ধেকটা দখল করে আছে। ফুটপাত দখল করে কাউন্টার, গ্যারেজ ইত্যাদি স্থাপনাও গড়ে তুলছেন পরিবহন মালিক সমিতির লোকজন। এলোপাতাড়িভাবে সড়কের ওপর লেগুনা রাখার ফলে স্কুল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পথচারীরা স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না। সদরঘাট সড়কে যানজটের অন্যতম কারণ হিসেবে এই স্ট্যান্ডকে দায়ী করেন কয়েকজন পথচারী। ঢাকা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অবৈধ এই স্ট্যান্ডের জন্য ছাত্র ও শিক্ষকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অভিভাবকেরাও স্কুলের বাইরে দাঁড়ানোর কোনো জায়গা পাচ্ছেন না। স্ট্যান্ডটি শিগগিরই অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন।’ পরিবহন সমিতির এক সদস্য জানান, বাহাদুরশাহ, মহানগর ও রাজধানী পরিবহন নামে পাঁচটি রুটে লেগুনা চললেও অনুমতি আছে মাত্র একটি রুটের। মালিক সমিতির লোকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও পুলিশকে ‘ম্যানেজ’ করে দীর্ঘদিন ধরে এই স্ট্যান্ড টিকিয়ে রেখেছেন। এ বিষয়ে জানতে চাইলে বাহাদুরশাহ পরিবহন মালিক সমিতির সভাপতি আবদুস সালাম তালুকদার দাবি করেন, তিনটি রুটের ‘রুট পারমিট’ আছে। চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, সংগঠনের নামে কেউ চাইলে তো আর না করা যায় না। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ছাত্রলীগের কেউ চাঁদাবাজি করছেন বিষয়টি প্রমাণ দিতে পারলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে ফটকটি খোলার প্রয়োজন দেখছি না। জরুরি প্রয়োজনে খুললে স্ট্যান্ড অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া চিত্তরঞ্জন এভিনিউ উন্মুক্ত করতে গেলে ক্যাম্পাসের মধ্য দিয়ে একটি সড়ক শিক্ষার্থীদের চলাচলে বাধা সৃষ্টি করবে।’