জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকটি গতকাল মঙ্গলবার খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ফটকের সামনে অবৈধ লেগুনাস্ট্যান্ডটি এখনো সরিয়ে নেয়নি পরিবহন মালিক সমিতি। এতে ওই ফটক দিয়ে চলাফেরায় সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।গত রোববার ‘ফটক বন্ধ করে অবৈধ লেগুনাস্ট্যান্ড, প্রশাসন চুপ’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল এ ফটক খুলে দেয় প্রশাসন। সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফটকটি খোলার পরও সামনের অংশটি অবরোধ করে এবং ঢাকা কলেজিয়েট স্কুলের দেয়াল ঘেঁষে গড়ে ওঠা ওই লেগুনাস্ট্যান্ড সদরঘাট সড়কের একাংশের অর্ধেকটা এখনো দখল করে আছে। এ ছাড়া ফুটপাত দখল করে কাউন্টার, গ্যারেজ ইত্যাদি এখনো বহাল রেখেছে পরিবহন মালিক সমিতি। এতে করে স্কুল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পথচারীরা স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না। এদিকে সদরঘাট সড়কে যানজটের অন্যতম কারণ হিসেবে এই স্ট্যান্ডকে দায়ী করেন পথচারীরা।নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন মালিক সমিতির এক সদস্য বলেন, ‘আমরা সিটি করপোরেশন থেকে ফটকের সামনের জমিটা ইজারা নিয়েই স্ট্যান্ড ও স্থাপনা তৈরি করেছি। এই প্রতিবেদক ইজারার অনুমতিপত্র দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হয়েছেন মালিক সমিতির ওই সদস্য।প্রক্টর অশোক কুমার সাহা বলেন, শিক্ষার্থীদের চলাফেরার সুবিধার্থে গতকাল ওই ফটকটি খুলে দেওয়া হয়েছে। কিন্তু লেগুনা স্ট্যান্ডটির কারণে ফটকের সামনের পরিবেশ খারাপ হয়ে গেছে। স্ট্যান্ডটি ফটকের সামনে থেকে সরিয়ে নেওয়ার জন্য পুলিশের ট্রাফিক বিভাগকে জানানো হয়েছে বলে জানান তিনি।