ফটক বন্ধ করে অবৈধ লেগুনাস্ট্যান্ড, প্রশাসন চুপ!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণমুখী একটি ফটক বন্ধ করে সদরঘাট সড়কের ওপর অবৈধভাবে লেগুনাস্ট্যান্ড (হিউম্যান হলার) গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, লেগুনার মালিক সমিতির লোকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও পুলিশকে হাত করে দীর্ঘদিন ধরে এই স্ট্যান্ড টিকিয়ে রেখেছেন।এদিকে বিশ্ববিদ্যালয়ের পেছনের ফটকটি (অগ্রণী ব্যাংক ক্যাম্পাস শাখার প্রধান ফটক) প্রায় চার মাস ধরে বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রসাশন। এতে ব্যাহত হচ্ছে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম। দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের।বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী খসরু আহমেদ অভিযোগ করে বলেন, ক্যাম্পাসে তিনটি ফটকের মধ্যে দুটিই বন্ধ রাখায় সদরঘাট, কেরানীগঞ্জ ও ইসলামপুর এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের অনেক পথ ঘুরে ক্যাম্পাসে আসা-যাওয়া করতে হয়। এ ছাড়া ক্যাম্পাসে প্রায়ই ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষ হয়। তখন সাধারণ শিক্ষার্থীরা কোথাও যাওয়ার জায়গা পান না।ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সূত্র জানায়, শাঁখারীবাজারের পূর্ব পাশ থেকে সদরঘাট নদীবন্দর পর্যন্ত সড়কের নাম দেশবন্ধু চিত্তরঞ্জন এভিনিউ। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার অজুহাতে শাঁখারীবাজার ও বাংলাবাজারের দিক দিয়ে প্রাচীর তুলে এভিনিউটি অবরোধ করে রাখে। পরে নতুন একাডেমিক ভবন তৈরির সময় বাংলাবাজারের দিক দিয়ে প্রাচীর ভেঙে একটি ফটক নির্মাণ করে কর্তৃপক্ষ। প্রায় পাঁচ বছর আগে তৈরি ফটকটি বন্ধ করা হয়।সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ফটক অবরোধ করে এবং ঢাকা কলেজিয়েট স্কুলের দেয়াল ঘেঁষে গড়ে ওঠা এই লেগুনাস্ট্যান্ড সদরঘাট সড়কের একাংশের অর্ধেকটা দখল করে আছে। ফুটপাত দখল করে কাউন্টার, গ্যারেজ ইত্যাদি স্থাপনাও গড়ে তুলছে পরিবহন মালিক সমিতি। এলোপাতাড়িভাবে সড়কের ওপর লেগুনা রাখার কারণে স্কুল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। সদরঘাট সড়কে যানজটের অন্যতম কারণ হিসেবে এই স্ট্যান্ডকে দায়ী করেন কয়েকজন পথচারী।ঢাকা কলেজিয়েট স্কুলের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘ওই স্ট্যান্ডের কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। অভিভাবকেরাও স্কুলের বাইরে দাঁড়ানোর কোনো জায়গা পাচ্ছেন না। তাই স্ট্যান্ডটি শিগগিরই অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন।অভিযোগ অস্বীকার করে বাহাদুরশাহ পরিবহন মালিক সমিতির সদস্য আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের দক্ষিণমুখী ফটকটি বন্ধ থাকায় এখানে লেগুনার স্ট্যান্ড বসিয়েছেন। তাঁরা কখনোই ফটক বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দেননি। নাম প্রকাশ না করা শর্তে পরিবহন মালিক সমিতির এক সদস্য জানান, বাহাদুরশাহ, মহানগর ও রাজধানী পরিবহন নামে পাঁচটি যাত্রাপথে (রুটে) লেগুনা চললেও অনুমতি আছে মাত্র দুটি যাত্রাপথের। মালিক সমিতির লোকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও পুলিশকে ‘ম্যানেজ’ করে দীর্ঘদিন ধরে এই স্ট্যান্ড টিকিয়ে রেখেছেন।এ অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ বলেন, ছাত্রলীগের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থেই এত দিন দক্ষিণমুখী ফটকটি খোলা হয়নি। শিক্ষার্থীরা চাইলে খুলে দেওয়া হবে।পেছনের ফটক খোলার ব্যাপারে প্রক্টর বলেন, গত মার্চে চশমা কেনাকে কেন্দ্র করে পুরান ঢাকার পাটুয়াটুলীর ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পরে ব্যবসায়ীদের দাবির মুখে পেছনের ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ফটক আর কখনোই খোলা হবে না।