ফরমালিন চেকপোস্ট আছে, যন্ত্র নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ৬ নম্বর সেক্টরে বিডিআর বাজারের বিপরীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফরমালিন চেকপোস্ট l প্রথম আলো
উত্তরা ৬ নম্বর সেক্টরে বিডিআর বাজারের বিপরীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফরমালিন চেকপোস্ট l প্রথম আলো

উত্তরা ৬ নম্বর সেক্টর বিডিআর বাজারের ঠিক বিপরীত পাশেই চোখে পড়ে একটি ঘর। প্রবেশদ্বারের ওপরে লেখা ‘ফরমালিন চেকপোস্ট, ঢাকা মেট্রোপলিটন পুলিশ’। একটু হেঁটে ঘরে ঢুকতেই অবাক হতে হলো, ভেতরে নেই ফরমালিন পরীক্ষার যন্ত্র বা অন্য কোনো সরঞ্জাম। কয়েকটি দামি সোফা, চেয়ার আর টেবিলে সুসজ্জিত পুরো ঘর—এটাই ফরমালিন চেকপোস্ট!
চেকপোস্টে কোনো যন্ত্র না থাকলেও এটি প্রতিদিন খোলা হয়। বিডিআর বাজারের ব্যবসায়ীরা এখানে সময় দেন। স্থানীয় ব্যবসায়ী ও চেকপোস্ট দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি জানান, বিডিআর বাজারে মাঝেমধ্যেই র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী প্রশাসনিক কর্মকর্তারা ভেজাল ও ফরমালিনবিরোধী অভিযানে আসেন। তখন তাঁরা ঘরটি ব্যবহার করেন। বাকি দিনগুলোয় এটি কোনো কাজে আসে না।
জানা যায়, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুমোদিত ফরমালিন চেকপোস্ট। ২০১৫ সালের শুরুর দিকে জনসেবামূলক কাজের আওতায় রাজধানীতে প্রায় ৫০টি ফরমালিন চেকপোস্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়। সরকারিভাবে সব চেকপোস্টে একটি করে ফরমালিন পরীক্ষার যন্ত্র দেওয়া হয়। কিন্তু যন্ত্রগুলোর নিরীক্ষা পদ্ধতিতে ত্রুটি ধরা পড়ায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সেসব তুলে নেওয়া হয়।
চেকপোস্টটির দেখাশোনা করছেন স্বপন তালুকদার। তিনি জানান। জনস্বাস্থ্যের নিরাপত্তায় সব ধরনের তাজা পণ্য স্বাস্থ্যকর ও নিরাপদ করতে এটি বসানো হয়। বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ইলিয়াস হোসেন জানান, বাজারে কাঁচা পণ্যের মধ্যে মাছের দোকান আছে প্রায় ৯০টি, সবজি ১৪০টি, ফল ১২টি। গরু, খাসি ও মুরগির মাংসের দোকান রয়েছে প্রায় ৮০টি। তিনি আরও জানান, চেকপোস্টের কার্যক্রম বন্ধ হওয়ার পর বিডিআর বাজারে প্রায় ১৫ বার খাদ্যদ্রব্যে ভেজাল ও ফরমালিনবিরোধী অভিযান চালানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ৬ নম্বর সেক্টর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা-বিক্রেতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, চেকপোস্টের কার্যক্রম বন্ধ আছে প্রায় সাত-আট মাস। বিডিআর বাজারের খাদ্যদ্রব্য শতভাগ ভেজাল ও ফরমালিনমুক্ত সেটা বলা কঠিন, তবে উত্তরার অন্যান্য বাজারের তুলনায় এখানকার খাবারদাবার যথেষ্ট স্বাস্থ্যকর। চেকপোস্টে যখন ফরমালিন পরীক্ষার যন্ত্র ছিল, তখন বাজারটি ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছিল।
স্বপন তালুকদার জানান, চেকপোস্টটি চালু হওয়ার কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। তারপরও লোকজন এখনো আসে, খোঁজ নেয়। ব্যবসায়ীরা চাইছেন, দ্রুত এখানে একটি ফরমালিন পরীক্ষার যন্ত্র দেওয়া হোক। তাহলে বাজারে খাদ্যদ্রব্যের মান ঠিক থাকবে। ক্রেতারাও ঠকবেন না।