ফরমালিন নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ শাস্তি চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ফরমালিন নিয়ন্ত্রণ এবং নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ শাস্তির বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। গতকাল শনিবার পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ প্রস্তাব দেন। তাঁরা এতে কয়েকটি সংশোধনীরও তাগিদ দিয়েছেন।গোলটেবিল বৈঠকের শুরুতে পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, শাকসবজি, মাছ-মাংস, ফলমূল, এমনকি শিশুদের খাবারেও স্বাস্থ্যহানিকর রাসায়নিকসহ নানা ভেজাল দেওয়া হচ্ছে। এসব প্রতিরোধে কয়েকটি আইন থাকলেও তার যথাযথ বা সমন্বিত প্রয়োগ না থাকায় বিশুদ্ধ খাদ্য আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য শক্তিশালী একক সংস্থা গঠন এখন সময়ের দাবি। বৈঠকের মূল প্রবন্ধে পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুস সোবহান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং কয়েকটি বাজারে ফরমালিন পরীক্ষার মধ্য দিয়ে কিছুটা ইতিবাচক ফল পাওয়া গেলেও বিষমুক্ত নিরাপদ খাবার নিশ্চিত করা সম্ভব হয়নি। নানা ধরনের বিষাক্ত ও নিম্নমানের খাদ্যের কারণে আগামী প্রজন্ম গুরুতর সব অসুখের ঝুঁকি নিয়ে বড় হচ্ছে। কেবল সচেতনতা দিয়ে এ অন্যায় ঠেকানো যাবে না। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি মনজিল মোরসেদ বলেন, হাইকোর্ট ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে অনেকগুলো যুগান্তকারী নির্দেশনা দিলেও তা বাস্তবায়িত হয়নি। এসবের মধ্যে রয়েছে অপরাধীদের বিশেষ ক্ষমতা আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দেওয়া, আমদানি পর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক খাদ্যের বিশুদ্ধতা পরীক্ষা করা, স্থানীয় সরকার কর্তৃক প্রতিটি জেলায় খাদ্য আদালত ও গবেষণা প্রতিষ্ঠান স্থাপন ও ফুড অ্যানালিস্ট নিয়োগ করা।জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান এম শাহ আলম সংশোধনী আনার প্রস্তাবকে সময়োপযোগী অভিহিত করে বলেন, প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিবর্তন করে আইন দুটি কার্যকর করা হলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্তি পাওয়ার একটি উপায় পাওয়া যেতে পারে। খাদ্যে ভেজাল দেওয়া ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধী আখ্যা দেন হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের পরিচালক লেনিন চৌধুরী। তিনি বলেন, ফলে প্রয়োগ করা ক্যালসিয়াম কার্বাইড, ইথেফেন ও ফরমালিনের প্রভাবে শিশুদের ডায়রিয়া থেকে শুরু করে ফুসফুসের সংক্রমণ, কিডনি ও লিভার পচে যাওয়া, রক্ত সরবরাহ ব্যাহত হওয়া এবং অন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। বৈঠকে ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) সহকারী স্বাস্থ্য কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সালেহ, মিরপুর শাহ আলী মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, টাউন হল বাজার কমিটির দপ্তর সম্পাদক মো. মজিবুর রহমান, অধ্যাপক কামাল আতাউর রহমান, কবি লিলি হক বক্তব্য দেন।