ফরহাদ মজহার আহ্বায়ক, সদস্যসচিব শওকত মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি ও লেখক ফরহাদ মজহারকে আহ্বায়ক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) মহাসচিব শওকত মাহমুদকে সদস্যসচিব করে ‘নাগরিক রক্ষা জাতীয় কমিটি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।গত রোববার জাতীয় প্রেসক্লাবে ‘সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ কায়েমের লক্ষ্যে’ এই কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সভায় কমিটির একটি ঘোষণাপত্র গৃহীত হয়।কমিটিতে ৩৭ সদস্যের একটি অভিভাবক পরিষদ রাখা হয়েছে। এর সদস্যদের মধ্যে আছেন কবি আল মাহমুদ, বিচারপতি টি এইচ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, বিচারপতি আবদুর রউফ, অধ্যাপক এম এ মাজেদ, সাংবাদিক শফিক রেহমান, সাবেক সচিব আসাফ্উদ্দৌলাহ্, আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহম্মেদ। আরও আছেন আবুল আসাদ, আলমগীর মহিউদ্দিন, আতিকুল আলম, সাদেক খান, চাষী নজরুল ইসলাম, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ। কমিটিতে ২০ জন যুগ্ম আহ্বায়ক ও ২৭ জন যুগ্ম সদস্যসচিব আছেন।সভার ঘোষণাপত্রে বলা হয়, ‘অবিলম্বে গণহত্যা, পুলিশি বর্বরতা, আল্লাহ ও রসুলবিরোধী প্রচারণা বন্ধের দাবি জানাচ্ছি। একই সঙ্গে বর্বরতার প্লাবনে নিমজ্জমান বাংলাদেশকে উদ্ধারে আন্তর্জাতিক অভিজন সমাজের সমর্থন প্রত্যাশা করছি। সব মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি গ্রেপ্তারকৃত রাজবন্দী, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের মুক্তি এবং সব মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি করছি।’ঘোষণাপত্রে বলা হয়, ‘এই সমাবেশের গভীর উপলব্ধি হচ্ছে, গণহত্যা ও ফ্যাসিবাদ চাপিয়ে দিয়ে সরকার দেশময় জিঘাংসা, অনৈক্য সর্বোপরি গৃহযুদ্ধাবস্থা তৈরি করেছে। এই বিপজ্জনক পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে সমাজের সর্বস্তরে সংলাপ চালিয়ে যেতে হবে।’