ফল পাকানোর রাসায়নিক দ্রব্য বাজারজাত করায় জরিমানা
ফল পাকানোর রাসায়নিক দ্রব্য আমদানি করে বাজারজাত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ‘গ্লোবাল অ্যাগ্রোভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ২২৮ নম্বর এলিফ্যান্ট রোডে ওই প্রতিষ্ঠানে অভিযান চালালে বিষয়টি ধরা পড়ে এবং জরিমানা করা হয়।ইথোফেন একটি রাসায়নিক পদার্থ। এটি ফুল ও ফলের রং উজ্জ্বল করে। প্রতিষ্ঠানটি এই ইথোফেন আমদানি করে ‘প্রফিট’ নামে বাজারজাত করছে। প্রফিটের প্যাকেটের গায়ে লেখা রয়েছে, ‘উন্নত বিশ্বে ফল পাকানোর জন্য সমাদৃত’ এবং সেখানে আনারস, কলা, পেঁপে ও আমের ছবি দেওয়া আছে।অভিযানে যাওয়ার আগে ভ্রাম্যমাণ আদালত বাজার থেকে একটি প্রফিটের কৌটা সংগ্রহ করেন। পরে গ্লোবাল অ্যাগ্রোভেট লিমেটেডের বাজারজাত করা কৌটার মোড়কের সঙ্গে এর হুবহু মিল খুঁজে পান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জোয়ার্দার মুশতাক আহমেদ অপরাধের কথা আদালতের কাছে স্বীকার করেন। আদালত প্রতিষ্ঠানের তিনজন কর্মকর্তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছয় লাখ টাকা জরিমানা করেন।আদালত মুশতাক আহমেদের কাছ থেকে একটি অঙ্গীকারনামা নিয়েছেন। তাতে লেখা রয়েছে, ‘আমার বাজারজাতকৃত পণ্যটি ইতিপূর্বে দেশের যেসব জেলা-উপজেলায় সরবরাহ করা হয়েছে, তা আগামী সাত দিনের মধ্যে ঢাকার গুদামে সংরক্ষণ করে আদালতকে লিখিতভাবে জানাব। সেগুলো আদালতের নির্দেশক্রমে ধ্বংসের জন্য সার্বিক সহযোগিতা করব।’ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, প্রফিট পণ্যটি মিথ্যা বিজ্ঞপ্তি দিয়ে বাজারে ছাড়ায় তা সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান এই মিথ্যা বিজ্ঞপ্তির জন্য আদালতের কাছে অনুতপ্ত হয়। এ কারণে প্রতিষ্ঠানটির ওই কর্মকর্তাদের কারাদণ্ড না দিয়ে অর্থদণ্ড দিয়ে সতর্ক করা হয়। গতকাল অভিযানে অংশ নেয় বিএসটিআই, র্যাব-২ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।