ফল পাকানোয় ব্যবহূত বিপুল পরিমাণ ইথোফেন হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালতের কাছে দেওয়া অঙ্গীকার পূরণ করেছে গ্লোবাল অ্যাগ্রোভেট লিমিটেড নামক প্রতিষ্ঠান। তারা ফল পাকানোর জন্য ব্যবহূত বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ ইথোফেন (প্রফিট) গতকাল আদালতের কাছে হস্তান্তর করেছে। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গত ২০ মে ২২৮ নম্বর এলিফ্যান্ট রোডে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ছয় লাখ টাকা জরিমানা করেছিলেন। সে সময় সারা দেশে ছড়িয়ে থাকা তাদের এই রাসায়নিক পদার্থগুলো এক সপ্তাহের মধ্যে আদালতের কাছে হস্তান্তরের অঙ্গীকার করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত গ্লোবাল অ্যাগ্রোভেট লিমিটেডে যান। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ১০০ মিলিগ্রামের দুই হাজার ১৬২ কৌটা এবং ৫০ মিলিগ্রামের ৪৮৪ কৌটা প্রফিট আদালতের কাছে হস্তান্তর করে। প্রতি ১০০ মিলিগ্রামের কৌটার দাম ২৬০ টাকা এবং ৫০ মিলিগ্রামের দাম ১৪০ টাকা। এ হিসাবে রাসায়নিক পদার্থগুলোর দাম হয় ছয় লাখ ২৯ হাজার ৮৮০ টাকা। পরে আদালত প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন। আদালত এগুলো বিএসটিআইয়ের মহাপরিচালকের জিম্মায় দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ভিদের সজীবতা বৃদ্ধি নিয়ন্ত্রক (প্লাট গ্রোথ রেগুলেটর) হিসেবে সরকার ইথোফেন (এক ধরনের রাসায়নিক পদার্থ) আমদানির অনুমোদন দেয়। এই ইথোফেনকে কৌটায় ভরে ‘প্রফিট’ নামে বাজারে ছেড়েছিল গ্লোবাল অ্যাগ্রোভেট লিমিটেড। কিন্তু ইথোফেনের কৌটার মোড়কের গায়ে লেখা ছিল ‘উন্নত বিশ্বে ফল পাকানোর জন্য সমাদৃত’। এতে আনারস, কলা, পেঁপে ও আমের ছবি দেওয়া ছিল। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জোয়ার্দার মোশতাক আহমেদ বলেন, আদালতের কাছে অঙ্গীকার করার পর সারা দেশের পরিবেশকদের কাছ থেকে প্রফিট ফেরত আনা হয়। এদিকে একই আদালত গতকাল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কুনিপাড়া এলাকায় ধানসিঁড়ি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামক প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া প্রসাধনী লাভা ব্র্যান্ডের শ্যাম্পু ও ডিটারজেন্ট পাউডার তৈরি হচ্ছিল। বিএসটিআইয়ের কর্মকর্তা নজীর আহমেদ মিয়া জানান, সেখানে কোনো পরীক্ষাগার কিংবা কোনো রসায়নবিদ ছিলেন না। প্রতিষ্ঠানের মালিক আবদুর রউফ আকন বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স পাওয়ার জন্য তিনি আবেদন করেছেন। অনুমোদনবিহীন পণ্য তৈরি ও বাজারজাত করায় আদালত আবদুর রউফ আকনকে ছয় মাসের বিনাশ্রম ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক আরও মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিএসটিআই, র‌্যাব-২ ও মহানগর দাঙ্গাপুলিশের একটি দল।