ফল প্রকাশসহ ১০ দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দিষ্ট সময়ে সেমিস্টার শেষ ও ফল প্রকাশ করাসহ ১০ দফা দাবি আদায়ে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গতকাল সোমবার তাঁরা এই বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্লাস বর্জন করে হিসাববিজ্ঞান বিভাগের পাঁচটি ব্যাচের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বেলা একটায় বিভাগের একটি শ্রেণীকক্ষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে সেমিস্টার শেষ ও ফল প্রকাশসহ ১০ দফা দাবি জানান।শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছয় মাসের মধ্যে সেমিস্টার শেষ ও ফল প্রকাশ করার কথা থাকলেও কোনো সেমিস্টারই আট-নয় মাসের আগে শেষ হচ্ছে না। এতে সেশনজট বাড়ছে। খোঁজ নিয়ে জানা যায়, ওই বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয় গত অক্টোবরে। কিন্তু এত দিনেও ফল প্রকাশ করা হয়নি। এতে পরের সেমিস্টারের পরীক্ষাও দিতে পারছেন না তাঁরা। অন্যদিকে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের (তৃতীয় ব্যাচ) শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ফল নয় মাস পর গতকাল প্রকাশ করা হয়। বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী নূর বলেন, ‘নির্দিষ্ট সময়ে সেমিস্টার শেষ করতে না পারাটা পুরো বিশ্ববিদ্যালয়েরই সমস্যা। অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’ চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের ফল শিগগিরই প্রকাশ করা হবে বলে তিনি জানান।