ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মাস্টার্স সমাপনী পরীক্ষা শেষ করেছেন গত বছরের ৭ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে ফল প্রকাশিত হওয়ার কথা। অথচ ছয় মাস পেরিয়ে গেলেও ফল পাননি তাঁরা। এদিকে নির্ধারিত সময়ে স্নাতক (সম্মান) পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় বিপাকে পড়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।শিক্ষার্থী ও পরীক্ষা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষকেরা খাতা দেখে সময়মতো জমা না দেওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে।সমাজবিজ্ঞান বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, দ্রুত ফল প্রকাশের দাবিতে ১১ এপ্রিল তাঁরা বিভাগীয় চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন। কিন্তু এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাঁরা আরও জানান, বিভাগীয় চেয়ারম্যান এ আই মাহবুব উদ্দীন তাঁদের ৫০৩ নম্বর কোর্সের (থিওরি অব সোশ্যাল চেঞ্জ) ক্লাস নিতেন। কিছু ছাত্র তাঁর ওই কোর্সের ১০ নম্বরের একটি টার্ম পরীক্ষা দিতে পারেননি। ছয় মাস পর ২১ এপ্রিল বিষয়টি নজরে আসে তাঁর। ওই দিন তিনি ২৪ এপ্রিলের মধ্যে ওই শিক্ষার্থীদের টার্ম পেপার জমা দেওয়ার কথা বলেছেন। শিক্ষার্থীরা বলছেন, চেয়ারম্যানের কাছে গেলে তিনি বলেন, শিক্ষকেরা খাতা জমা না দেওয়ায় ফল প্রকাশ করা যাচ্ছে না। অথচ তিনি নিজেই ছয় মাস পর টার্ম পেপার জমা নেওয়ার নোটিশ দিয়েছেন।এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এ আই মাহবুব উদ্দীন। তিনি জানান, কয়েকজন শিক্ষক খাতা দেখে নম্বর দিতে দেরি করায় এমনটি হয়েছে।এদিকে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের একাধিক শিক্ষার্থী জানান, তাঁরা স্নাতক সমাপনী পরীক্ষার তত্ত্বীয় পর্ব শেষ করেন গত বছরের ৩০ আগস্ট। তিন মাস পর ২৪ নভেম্বর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৫ ডিসেম্বর। কিন্তু এরপর আরও চার মাস পেরিয়ে গেলেও ফল পাননি তাঁরা।শিক্ষার্থীরা জানান, মাস্টার্সের ক্লাস শুরু করতে দেরি হওয়ায় তাঁরা চাকরিজীবনে প্রবেশে বাধার সম্মুখীন হবেন।এ বিষয়ে ওই বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান নাসরীন রফিক প্রথম আলোকে জানান, শিক্ষার্থীদের মাঠপর্যায়ে কাজ থাকায় ব্যবহারিক পরীক্ষা নিতে দেরি হয়েছে। এ ছাড়া বিভিন্ন বর্ষে তাঁদের মানোন্নয়ন পরীক্ষা থাকায় সেগুলো যোগ করতে দেরি হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে শিক্ষকদের খাতা দেখতে দেরি করাকেই দায়ী করেছেন তিনি। শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।