ফল প্রকাশের দাবিতে রসায়নের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা সংশোধিত ফল প্রকাশ করার দাবিতে বিভাগের শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনার পর দুপুর পর্যন্ত কোনো ক্লাস হয়নি। সূত্র জানায়, রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত ফল প্রায় এক বছরেও প্রকাশ করা হয়নি। ফল প্রকাশের দাবিতে গতকাল সকাল থেকে বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সব কটি শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। পরে দুপুরে বিভাগের শিক্ষকেরা শিগগিরই ফল প্রকাশের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফেরেন।শিক্ষার্থীরা জানান, তৃতীয় সেমিস্টারের ফলাফলে বেশ কয়েকজন শিক্ষার্থীর মিডটার্ম পরীক্ষা ও উপস্থিতি নম্বর যোগ না করেই ফল প্রকাশ করা হয়। বিষয়টি যাচাই-বাছাই ও পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করে বিভাগ থেকে ফলাফল সংশোধনের জন্য আবেদন করা হয়। কিন্তু ১১ মাস পার হলেও তা প্রকাশ করেনি পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর। রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া মণ্ডল বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘সংশোধিত ফলাফল আমরা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠিয়েছি। ওই দপ্তরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, সংশোধিত ফলাফল যাচাই-বাছাইয়ের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সাত দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।