পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে বিভাগে ভাঙচুর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীরা। ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গতকাল শনিবার বিভাগীয় সেমিনারে এ ভাঙচুর চালান।শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের আন্তরিকতার অভাবে পরীক্ষা শেষ হওয়ার পর প্রায় সাড়ে চার মাস চলে গেলেও তাঁরা ফলাফল পাচ্ছেন না। আর এ কারণে আসন্ন বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ছে।ওই বর্ষের শিক্ষার্থীরা প্রথম আলোকে জানান, ২০০৯ সালের ১৯ নভেম্বর তাঁদের চতুর্থ বর্ষ সমাপনী পরীক্ষা শেষ হয়। নিয়মানুযায়ী পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার তিন মাস পরও ফলাফল প্রকাশের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তখন দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে বিভাগীয় চেয়ারম্যানকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। চেয়ারম্যান তখন তাঁদের শিগগিরই ফলাফল প্রকাশের আশ্বাস দেন। কিন্তু এরপর আরও দেড় মাস চলে গেলেও ফলাফল প্রকাশ করা হয়নি।শিক্ষার্থীরা জানান, গতকাল পরীক্ষার ফলাফল নিয়ে কথা বলতে তাঁরা শিক্ষকদের কাছে যান। এ সময় কিছু শিক্ষক তাঁদের হুমকি দিয়ে বলেন, বেশি বাড়াবাড়ি করলে ফলাফল আরও দেরিতে প্রকাশ করা হবে। তখন শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বিভাগের সেমিনারে ভাঙচুর করেন। এ বিষয়ে বিভাগের পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামান ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক হোসনে আরা আলমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।