ফাঁকা রাজধানী, চলছে কোরবানির প্রস্তুতি

পরিবারের সবাইকে নিয়ে রাজধানী ছেড়েছে বিপুলসংখ্যক মানুষ। আজও অনেকে যাচ্ছে নাড়ির টানে। এতে রাজপথে সেই চিরচেনা যানজট নেই, নেই মানুষের কোলাহল বা হকারদের হাঁকডাক। ভিক্ষুকদের আনাগোনাও কমে গেছে।
রাজধানী ফাঁকা হলেও পাড়া মহল্লায় চলছে কোরবানির নানা আয়োজন।
রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, গণপরিবহনের সংখ্যা একে বারেই কমে গেছে। কমে গেছে রিকশার সংখ্যাও। বাস ও রিকশার চালকেরা জানান, অনেকে দেশের বাড়িতে গেছেন ঈদ করতে। আবার রাজধানীর বিভিন্ন গণপরিবহন ঢাকার বাইরে গেছেন ভাড়া নিয়ে। তাই এই অবস্থার তৈরি হয়েছে।
কেরানীগঞ্জের বাসিন্দা সাইদুর রহমান জানান, যানবাহন কম থাকায় ভাড়াও বেড়ে গেছে। আজ তিনি গুলিস্থান থেকে সদরঘাটে লেগুনায় গেছেন ৫০ টাকা দিয়ে। অন্য সময় যে ভাড়া থাকে ৫-১০ টাকা।
সড়কগুলোর পাশে মৌসুমি ব্যবসায়ীরা ঘাস, ভুসি, খড়, কাঁঠালপাতাসহ কোরবানির পশুদের খাবার বিক্রি করছে। আর যাঁরা কোরবানির পশু কিনেছেন তাঁরাই প্রয়োজন মতো পশুর খাদ্য কিনছেন। একই দোকানে মাংস কাটার জন্য কাঠও বিক্রি হচ্ছে ১০০-২০০ টাকা দরে। এছাড়া ভুসি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা ও খড়ের আঁটি প্রতিটি ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গ্রিন রোডের বাসিন্দা আমির হোসেন বলেন, দুদিন আগে গরু কিনেছেন তিনি। এখন গরুকে তো না খাইয়ে রাখা যায় না। সুস্থও রাখতে হবে। তাই তিনি প্রয়োজনীয় খাবার কিনে নিচ্ছেন।
এখনো অনেকে কোরবানির পশু কিনে বাড়ি ফিরছেন। ধকল থেকে রক্ষা পেতে ট্রাকে করে পশু নিয়ে গন্তব্যে যাচ্ছেন অনেকে। তবে গরু হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন এমন মানুষের সংখ্যাই বেশি। কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে দেখা গেল একটি গরু বসে পড়েছে আর চারদিকে উৎসুক মানুষ ঘিরে ধরেছে। কাছে গিয়ে জানা গেল গাবতলী থেকে গরুটি কেনার পর সেটি হাঁটিয়ে নিয়ে রামপুরা যাওয়ার পথে হাঁপিয়ে রাস্তায় বসে পড়েছে গরুটি। অগত্যা গরুর সঙ্গের মানুষদেরও বসতে হয়েছে।

পান্থপথ সিগন্যালের পাশে রোডে দেখা গেল, কোরবানির জন্য সিটি করপোরেশনের কোরবানির নির্দিষ্ট স্থানে শামিয়ানা টাঙানো হয়েছে। সিটি করপোরেশনে খোঁজ নিয়ে জানা গেছে, তারা রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির নির্দিষ্ট করা স্থান প্রস্তুত করেছেন। এরই মধ্যে বেশির ভাগ স্থান তৈরি হয়েও গেছে। তাঁদের পক্ষ থেকে ভ্রাম্যমাণ পশুর রোগ-বালাই দেখার জন্য ‘ভেটেরিনারি গাড়ি’ রাজধানীর বিভিন্ন স্থানে যাচ্ছে।