ফাঁকা হচ্ছে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ছয় দিনের ঈদের ছুটি শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। ঢাকা ছেড়ে ঘরে ফিরছেন অসংখ্য মানুষ। ফাঁকা হতে শুরু করেছে মহানগরীর যানজটে ভরা রাজপথ। গতকাল সড়কে লোকাল বাস ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা অন্যান্য দিনের চেয়ে কম ছিল। দুপুরের দিকে ভিআইপি সড়কেও রিকশা চলতে দেখা গেছে।

ঈদের যাত্রা শুরু হয়েছিল বৃহস্পতিবার থেকে। চলবে আগামী সোমবার পর্যন্ত। সরকারি ছুটি শুরু হয়েছে গতকাল থেকে। সরকারি চাকুরেদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠানেও ঈদের ছুটি শুরু হয়েছে। অবশ্য কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি হয়েছে আরও আগে। 

মিরপুরের বাসিন্দা আশরাফুল প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকেই ঢাকার সড়কগুলো অনেকটাই ফাঁকা। ঘরমুখী মানুষদের ভিড় বাস, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে। তাই মূল সড়কে এখন আর চাপ নেই। সাধারণত শুক্রবার দুপুর পর্যন্ত ঢাকার সড়কগুলোতে মানুষের চলাচল কম থাকে। কিন্তু আজ শহরের প্রধান সড়কগুলোকে একটু বেশিই ফাঁকা মনে হয়েছে।’ তবে মিরপুর, গুলশান, মালিবাগ, নিউমার্কেট এলাকাসহ বিভিন্ন বড় বিপণিবিতান এবং এর আশপাশের এলাকাগুলোতে সারা দিন গাড়ির চাপ ছিল। ঈদের কেনাকাটা করতে এসেছেন অনেকে। ভিড় সে কারণেই।

এ ছাড়া রাজধানীতে ঢোকার ও বের হওয়ার পথগুলোতেও ভোর থেকে মানুষের ভিড় শুরু হয়। ঘরে ফেরা মানুষেরা ভিড় করেছে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, সদরঘাট, কমলাপুরসহ বিভিন্ন টার্মিনাল ও স্টেশনে। সকালে আমিনবাজার থেকে ধানমন্ডি এসেছেন রাহিদুল। তিনি বলেন, গাবতলী এলাকায় যথেষ্ট ভিড় ছিল। তবে বাকি পথের কোথাও গাড়ির চাপ ছিল না।

অধিকাংশ ট্রেন ও লঞ্চ ঢাকা থেকে প্রায় সময়মতো ছেড়েছে। তবে কমলাপুর স্টেশনে রাজশাহীগামী দুটি ট্রেন রাজশাহী এক্সপ্রেস ও সিল্ক সিটি সময়মতো না ছাড়ায় যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। বাসযাত্রীদের ভোগান্তি হয়েছে প্রচণ্ড। মহাসড়কে যানজটের কারণে দূরপাল্লার বাস সময়মতো আসেনি। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের অপেক্ষায় থাকতে দেখা গেছে। নির্ধারিত সময়ের চেয়ে তিন-চার ঘণ্টা পরে বাসে উঠতে হয়েছে যাত্রীদের।