ফাঁদ পেতে ঘুষের টাকাসহ উপসচিব গ্রেপ্তার
ঘুষ নেওয়ার সময় হাতেনাতে একজন উপসচিবকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার রাতে রাজধানীর খিলগাঁওয়ে একটি ফাস্ট ফুডের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার উপসচিব মিজানুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি প্রেষণে সড়ক ও জনপথ অধিদপ্তরের এলেনবাড়ি কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার বলেন, সড়ক ও জনপথ থেকে ইজারাগ্রহীতা মাইনুদ্দিন চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান চালায়। মিজানুর রহমান একটি তদন্ত প্রতিবেদনের জন্য মাইনুদ্দিনের কাছ থেকে এর আগে ১ লাখ ৯০ হাজার টাকা ঘুষ নেন। পরে আরও ৯ লাখ টাকা দাবি করেন। মাইনুদ্দিন অভিযোগ করেন দুদকের কাছে। সব আইনি প্রক্রিয়া শেষে রোববার রাতে ফাঁদ পেতে একটি ফাস্ট ফুডের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।