ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা ভবন থেকে লাফ দিলেন স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম্পত্য কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে ইমরান হোসেন (৩০) নামে একজন দোকান কর্মচারী মারা গেছেন। এ ঘটনার পর তাঁর স্ত্রী আনু বেগমও (২০) পাঁচতলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আনু বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার ভোরে পুরান ঢাকার বংশালের মালিটোলা লেনের একটি বাসায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ছয়টার দিকে পুলিশ ২২ নম্বর মালিটোলা লেনের বাসা থেকে ইমরান হোসেনের লাশ মেঝে থেকে উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ওই বাড়ির পাশের সড়ক থেকে স্ত্রী আনু বেগমকেও আহতাবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।মৃত ইমরান হোসেনের চাচা আনোয়ার হোসেন জানান, ইমরান মালিটোলা এলাকার একটি প্লেনশিটের দোকানে কাজ করতেন। পারিবারিক কলহ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। গত মঙ্গলবার রাতে ঝগড়ার একপর্যায়ে ইমরানকে তাঁর স্ত্রী বিষজাতীয় কিছু খাওয়ান হয় বলে তিনি অভিযোগ করেন। পরে তাঁর স্ত্রী ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।আহত আনু বেগম প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহ নিয়ে গত মঙ্গলবার রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ইমরান আত্মহত্যার হুমকি দেয়। তখন তিনিও আত্মহত্যা করবেন বলে জানান। এর আগে একাধিকবার ইমরান আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। গত রাতে ইমরান মেঝেতে বসে গলায় ফাঁস দেন। তিনি তখন খাটের কোণে কান্না করছিলেন। হঠাৎ দেখেন ইমরান নিস্তেজ হয়ে গেছেন। তখন তিনিও আত্মহত্যার জন্য ভবন থেকে লাফিয়ে পড়েন। তাঁদের আরশ নামে ১৬ মাস বয়সী এক শিশুসন্তান রয়েছে।মিটফোর্ড হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মাহবুব হোসেন বলেন, ভবন থেকে পড়ে যাওয়ায় আনু বেগমের কোমড়ের হাড় ভেঙে গেছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন।এ ব্যাপারে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, গতকাল সকালে মালিটোলা লেনের বাসার মেঝে থেকে ইমরানের লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহ নিয়ে তিনি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আর স্ত্রীও ভবন থেকে আত্মহত্যার চেষ্টা চালান। আনু বেগমকে পুলিশ প্রহরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরানের লাশ ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।