ফাও খাওয়া নিয়ে সন্ত্রাসীর হামলা স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের ছোড়া ককটেল বিস্ফোরণে রাজধানীর কদমতলী সমিরুননেসা হাইস্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সন্ত্রাসীদের চাপাতির কোপে কাওছার হোসেন (১৬) নামের দশম শ্রেণীর এক ছাত্র আহত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, স্কুলের পাশের একটি দোকান থেকে ফাও খাওয়া নিয়ে একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে স্কুলের কোনো সম্পর্ক নেই।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, কদমতলী সমিরুননেসা হাইস্কুলের পাশে পোকারবাজার এলাকায় সুমন নামের এক যুবকের খাবারের একটি দোকান রয়েছে। গতকাল বেলা দুইটার দিকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ওই দোকানে হামলা চালায়। তারা দোকানিকে কুপিয়ে আহত করে। দোকানির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে সন্ত্রাসীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার সময় স্কুলের ছুটি হচ্ছিল। অভিভাবকেরা শিক্ষার্থীদের নিয়ে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। বিকট শব্দে ককটেল বিস্ফোরণের কারণে স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অভিভাবক ও শিক্ষার্থীরা রাস্তায় দিগ্বিদিক ছোটাছুটি করতে শুরু করেন। একপর্যায়ে সন্ত্রাসীরা স্কুলছাত্র কাওছারকে কুপিয়ে আহত করে।হাসপাতালে চিকিৎসাধীন সুমন অভিযোগ করেন, গত সোমবার রাতে স্থানীয় সন্ত্রাসী জসিমউদ্দিন ওরফে হোন্ডা জসিম তেহারি খেয়ে এর দাম পরিশোধ না করে চলে যেতে চায়। তিনি বাধা দিলে হোন্ডা জসিম তাঁকে হুমকি দিয়ে চলে যায়। গতকাল সকালে হোন্ডা জসিম, তার সহযোগী ছাগলা বাবু ও হিমুকে সঙ্গে নিয়ে তাঁর দোকানে হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে আহত করে।আহত স্কুলছাত্র কাওছার জানায়, নিরাপদ আশ্রয়ে ছুটতে গিয়ে অন্তত ১০ জন অভিভাবক ও শিক্ষার্থী আহত হয়েছে। আহত কাওছার মা-বাবার সঙ্গে কদমতলী থানার ১৯৭ মুরাদপুরে থাকে।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান প্রথম আলোকে বলেন, ফাও খাওয়া ছাড়াও গতকাল দুপুরে সন্ত্রাসী জসিম ও বাবু স্কুলের সামনে আড়াআড়ি করে মোটরসাইকেল রাখে। তেহারি বিক্রেতা সুমন মোটরসাইকেল সরিয়ে নিতে বললে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর তারা হামলা করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।