ফাটল দেখে মার্কেটে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাটল দেখা দেওয়ায় রাজধানীর মোহাম্মদপুর সাতমসজিদ সুপার মার্কেট ভবনে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ। পরশু রাতে বাসিন্দারা ফাটল দেখার পর গতকাল বৃহস্পতিবার পুলিশ এই তালা লাগিয়েছে।গতকাল সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, সাততলা ভবনের নিচতলায় নানা ধরনের দোকান। দুই থেকে ছয়তলা পর্যন্ত তৈরি পোশাক কারখানা। এর মধ্যে রয়েছে ওয়াল ভিক্টরি, এজিএস অ্যাপারেল, স্বপন আক্রিটেক, ট্রেড সুইট হার্ট ও ট্রেড ফ্যাশন। সাততলায় একটি মেস। সেখানে শ্রমিকেরা থাকেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, রাজউকের অনুমতি না পাওয়া পর্যন্ত ভবনটি বন্ধ রাখা হবে।রাজউকের প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম গতকাল ভবনটি পরিদর্শনে গিয়েছিলেন। তিনি বলেন, পুরো ভবনের নকশা না দেখে বোঝা যাচ্ছে না, এটা কতটুকু ঝুঁকিপূর্ণ। তবে ভবনে নিরাপত্তাব্যবস্থা ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। ভবনের মালিক সিরাজ উদ্দিন বলেন, ১৯৮৩ সালে ভবনটি তৈরি করা হয়। অনেক দিন আগেই এ ফাটল দেখা দিয়েছে। তবে দোকান ও কারখানার মালিকেরা মেরামত করতে বাধা দিচ্ছে। তবে একজন নিরাপত্তাকর্মী বলেন, গত পরশু রাতেই ফাটল প্রথম দেখা যায়।