মিরপুরের পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পে ইয়াছিনের পরিবারের নয়জন সদস্য দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে আগেই মারা গেছেন। সেদিন গুরুতর দগ্ধ হয়েছিল তাঁর স্কুলপড়ুয়া মেয়ে ফারজানা আক্তার। মেয়ের জন্য ইয়াছিন গতকাল শনিবার সকালে ওষুধ কিনতে গিয়েছিলেন। পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে তিনি দুর্ঘটনায় মারা যান বলে জানিয়েছে পুলিশ।
তবে স্বজনদের অভিযোগ, ইয়াছিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুড়িয়ে দেওয়ার ঘটনার বিচার দাবি করার কেউ যাতে না থাকে, সে জন্যই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গত ১৩ জুন শবে বরাতের রাতে আতশবাজি ও পটকা ফোটানোর জের ধরে পুলিশ ও বহিরাগতদের সঙ্গে কুর্মিটোলা বিহারি ক্যাম্পের বাসিন্দাদের সংঘর্ষ হয়, এটা চলে পরদিন দুপুর পর্যন্ত। ১৪ জুন সকালে পুলিশের সামনে দুর্বৃত্তরা ইয়াছিন মিয়ার ঘরে বাইরে থেকে তালা মেরে আগুন লাগিয়ে দেয়। এতে তাঁর স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, পুত্রবধূ, নাতিসহ পরিবারের নয়জন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় মোট নিহত হন ১০ জন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টার দিকে ইয়াছিন পূরবী সিনেমা হলের সামনে ৯ নম্বর রুটের একটি বাসে ওঠেন। গেটে থাকা অবস্থায় পাশের আরেকটি বাস ওই বাসটিকে ধাক্কা দিলে তিনি প্রচণ্ড আঘাত পান। প্রথমে তাঁকে পল্লবীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচারকক্ষে বেলা পৌনে দুইটায় তাঁর মৃত্যু হয়। চালক বাসটি নিয়ে পালিয়ে গেছেন বলেও জানান তিনি।
মৃত্যুর খবরে ইয়াছিনের মামাতো বোন নাহিদা আক্তারসহ আত্মীয়স্বজন ও কুর্মিটোলা ক্যাম্পের বাসিন্দারা হাসপাতালে ছুটে যান। নাহিদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোর কাছে অভিযোগ করেন, এটি দুর্ঘটনা নয়। ইয়াছিনকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, স্ত্রী, ছেলেমেয়েসহ নয়জন স্বজন হারানোর বিচার চাইতেন ইয়াছিন। এ জন্য নিজের জীবন নিয়েও শঙ্কিত ছিলেন তিনি। স্বজন হারানোর শোকে রাতে তিনি ঘুমাতে পারতেন না। দিনে ছুটতেন স্বজনদের কবরে ও মেয়েকে দেখতে হাসপাতালে।
স্বজনেরা জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘরসহ নয়জন পুড়ে মারা যাওয়ার পর ইয়াছিন কুর্মিটোলা বিহারি ক্যাম্পের পাশে তাঁর মামাতো বোন নাহিদা আক্তারের বাসায় ওঠেন। একমাত্র সন্তান ফারজানাকে এক মাস আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তার ডান হাতের ঘা এখনো শুকায়নি। সে মিরপুরে ইউসেপ স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে।
নাহিদা বলেন, গতকাল ফারজানা তার একমাত্র অবলম্বন বাবাকে হারিয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। সে সবাইকে জড়িয়ে বলতে থাকে, তার আর কেউ রইল না। নাহিদা বলেন, ‘সব হারিয়ে মেয়েটা একা হয়ে গেছে। তার পড়াশোনা ও চিকিৎসা চলবে কীভাবে জানি না। বগুড়ায় ফারজানার ফুফু থাকেন। তিনি নিয়ে যাবেন অথবা ওকে আমার কাছে রাখব।’
স্বজনেরা জানান, ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে ইয়াছিনের লাশ কালশীতে তাঁর স্বজনদের কবরের পাশে দাফন করা হবে।
গত আগস্টে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মেয়ে ফারজানাকে দেখতে গিয়ে ইয়াছিন প্রথম আলোকে বলেছিলেন, হাসপাতাল থেকে ছাড়ার পর মেয়েকে নিয়ে কোথায় উঠবেন, কী বলে তাকে সান্ত্বনা দেবেন, সেটাই তাঁর বড় দুশ্চিন্তা। কারণ, মেয়েকে এত দিন জানাননি তার মা-ভাইদের মৃত্যুর কথা। সে সময় ইয়াছিন আরও বলেছিলেন, নয়টি মানুষ পুড়িয়ে মারা হলো। অথচ তিন মাসে কেউ গ্রেপ্তার হলো না। কোনো বিচারও পেলেন না।