ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাজ আইয়াজ হোসেন
ফারাজ আইয়াজ হোসেন

‘ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার ২০১৯’ দেওয়া হবে আজ রোববার। বন্ধু বা সহকর্মীর প্রতি সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে কোনো ব্যক্তির অনন্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ২০১৬ সাল থেকে এ পুরস্কার দিচ্ছে পেপসিকো গ্লোবাল।

ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে আজ সন্ধ্যা ছয়টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির হাতে স্বীকৃতি সনদের পাশাপাশি তুলে দেওয়া হবে ১০ হাজার মার্কিন ডলার।

দেশের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচিত করেছেন। আট সদস্যের জুরিবোর্ডের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। সদস্যরা হলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, এমসিসিআই সভাপতি নিহাদ কবির, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়, আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক সাবাহাত জাহান, পেপসিকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দেবাশীষ দেব এবং ফারাজের নানা ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।

২০১৬ সালের ১ জুলাই ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় নিহত হন যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারাজ আইয়াজ হোসেন। পুরস্কারের ঘোষণায় পেপসিকো গ্লোবাল বলেছে, ফারাজ প্রকৃত বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করে বন্ধুদের জন্য জীবন উৎসর্গ করেছেন। দৃঢ়তার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। বাংলাদেশি তরুণ বা তরুণীদের মধ্যে সাহসিকতার স্পৃহাকে উদ্দীপ্ত করতে এবং ফারাজের চেতনা জাগিয়ে তোলাই এই পুরস্কারের লক্ষ্য।

এর আগে ২০১৬ সালে প্রথম ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার পেয়েছিলেন মাদারীপুর কলেজের কর্মচারী মিরাজ সরদার। ওই কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলাকারী জঙ্গিকে তিনি হাতেনাতে ধরে ফেলেন। ২০১৭ সালে পুরস্কার পান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার আবু তালহা। এক প্রতিবেশী ছিনতাইয়ের শিকার হচ্ছেন দেখে তাঁকে রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ দিয়েছিলেন তালহা।