ফারুক হোসেন হত্যাকারীদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ফারুক হোসেনকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে সারা দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সংগঠনগুলোর পক্ষ থেকে অবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। ফারুক হোসেন হত্যার সঙ্গে জড়িত ছাত্রশিবিরের কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ গতকাল বুধবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে কলাভবন-২ চত্বরের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিবিরকর্মীরা মধ্যযুগীয় কায়দায় হামলা করে ছাত্রলীগের নেতাকে হত্যা এবং নেতা-কর্মীদের ওপর হামলা করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ প্রমুখ।ফারুক হোসেন হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। সংগঠনটি জামায়াত-শিবিরসহ সব সাম্প্রদায়িক সংগঠনের রাজনীতি বন্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং ডাকসুর সামনে সমাবেশ করে। একই দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ সন্ধ্যা ছয়টায় টিএসসি চত্বর থেকে একটি মিছিল বের করে। পরে সংগঠনের নেতা-কর্মীরা স্বোপার্জিত স্বাধীনতার সামনে সমাবেশ করেন।আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল গতকাল এক বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশঅভিভাবক পরিষদের আহ্বায়ক ও বুয়েট ছাত্রীসনির বাবা হাবিবুর রহমান ভূঞা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ স্মৃতি সংরক্ষণ পরিষদ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বাংলাদেশ ছাত্র আন্দোলন, যুব গণফোরাম, বাংলাদেশ ফেত্না প্রতিরোধ কমিটি, সনি মেমোরিয়াল ফাউন্ডেশন, সম্মিলিত সামাজিক আন্দোলনসহ বিভিন্ন সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।