রাজধানীর ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলসংলগ্ন ওয়াসার পানির পাম্পে গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকজনকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পানি সংগ্রহ করতে দেখা গেছে। তাঁরা জানালেন, এ দৃশ্য এক দিনের নয়, প্রতিদিনের। বিদ্যুৎ সংকটের কারণে আশপাশের এলাকায় অনেক দিন ধরেই পানির সংকট চলছে। আর তাই এখানে পানির জন্য লাইন দিন দিন দীর্ঘ হচ্ছে। জানা গেছে, বিদ্যুৎ সংকটের কারণে ফার্মগেট এলাকার সবগুলো বিপণিবিতান, ইন্দিরা রোড, জাহানারা গার্ডেন, তেজতুরি বাজার, রাজাবাজার ও পান্থপথ এলাকায় বেশ কিছুদিন থেকেই পর্যাপ্ত পানি সরবরাহ পাওয়া যাচ্ছে না। রমজান উপলক্ষে এই সংকট আরও তীব্র হয়ে উঠেছে। যে কারণে লোকজন পানি সংগ্রহের জন্য বোতল, বালতি ও অন্যান্য পাত্র নিয়ে প্রতিদিন বিকেল থেকেই এই পাম্পে এসে ভিড় জমাতে শুরু করেন। এঁদের সিংহভাগই নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য। ইফতারের আগ মুহূর্তে পানির জন্য দাঁড়িয়ে থাকা লোকজন আরও জানালেন, ওয়াসার পানিতে দুর্গন্ধ। যে কারণে মূলত খাওয়ার পানির জন্য তাঁদের পাম্প পর্যন্ত ছুটে আসতে হয়। সিনেমা হলের পেছনের গলির বাসিন্দা রুনা জানালেন, বাসায় পানি নেই। সারা দিনে দুর্গন্ধযুক্ত যেটুকু পানি পাওয়া যায় তা দিয়ে বড়জোর গোসল করা যায়। বাকি রান্নাবান্না ও খাওয়ার পানি এই পাম্প থেকেই সংগ্রহ করতে হয়।আলতাফ হোসেন ও মিজানুর রহমান ফার্মভিউ সুপার মার্কেটের বিপণিবিতানে কাজ করেন। তাঁরা জানালেন, বিপণিবিতানে যে পানি পাওয়া যায় তা খাওয়ার যোগ্য নয়। ৫৩ পূর্ব তেজতুরি বাজারের বাসিন্দা মোহাম্মদ আল আমিনও তাই জানালেন। এ বিষয়ে সংশ্লিষ্ট পাম্প পরিচালক মোশাররফ হোসেন জানান, মূলত বিদ্যুৎ সংকটের কারণে ফার্মগেট ও আশপাশের এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। সারা দিনে এক ঘণ্টা বিদ্যুৎ থাকে তো দুই ঘণ্টা থাকে না। এ অবস্থায় লাইনে পানির চাপ কম থাকায় তাতে ময়লা জমে যায় এবং দুর্গন্ধ ছড়ায়। যে কারণে প্রায় সারা দিনই আশপাশের লোকজন এখান থেকে পানি সংগ্রহ করেন।