ফার্মগেটে 'ঝুঁকিপূর্ণ' ফুট ওভারব্রিজ অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ফার্মগেটের ঝুঁকিপূর্ণ হওয়ায় উড়ালসড়কটি দীর্ঘদিন পথচারীদের জন্য বন্ধ ছিল। এখন উড়ালসড়কটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। ছবিটি আজ সোমবার তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
রাজধানীর ফার্মগেটের ঝুঁকিপূর্ণ হওয়ায় উড়ালসড়কটি দীর্ঘদিন পথচারীদের জন্য বন্ধ ছিল। এখন উড়ালসড়কটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। ছবিটি আজ সোমবার তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

প্রায় নয় মাস বন্ধ থাকার পর রাজধানীর ব্যস্ত ফার্মগেট এলাকার ‘ঝুঁকিপূর্ণ’ ফুট ওভারব্রিজটির অপসারণ কাজ শুরু হয়েছে। গত শুক্রবার থেকে এটি অপসারণে ভাঙার কাজ শুরু হয়েছে বলে সিটি করপোরেশন সূত্র জানিয়েছে। 
আজ সোমবার সকালে গিয়ে দেখা গেছে, কয়েকজন শ্রমিক ফুট ওভারব্রিজ থেকে কংক্রিট অপসারণের কাজ করছেন। ঢাকা সিটি করপোরেশন থেকে সংস্কার কাজের নির্দেশনাপত্র থেকে জানা গেছে, ওই কাজের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে থাকা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে ‘ঝুঁকিপূর্ণ’ ফুট ওভারব্রিজটির অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছে।
ট্রাফিক পশ্চিম বিভাগের দেওয়া একটি নির্দেশনায় রাত ১২টা থেকে সকাল ছয়টা পর্যন্ত অপসারণের কাজ চালানোর কথা বলা আছে। কারণ হিসেবে বলা হয়েছে, যেহেতু এই এলাকা দিনের বেলা ব্যস্ত ও জনবহুল থাকে, তাই রাতে কাজ করতে হবে। কিন্তু ওই নির্দেশনা মানা হচ্ছে না। সিটি করপোরেশনের তথ্য অনুসারে, প্রায় নয় মাস আগে ফার্মগেটের আনন্দ সিনেমা হল ও তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়-সংলগ্ন ফুট ওভারব্রিজটির সামনে ‘ঝুঁকিপূর্ণ ফুট ওভারব্রিজ, পারাপার নিষেধ’ বলে সাইনবোর্ড লাগানো হয়। প্রবেশ পথেও লোহার ব্যারিকেড দেওয়া হয়। এতে যাঁরা আগে এই ওভারব্রিজটি ব্যবহার করতেন, তাঁদের এখন অনেকটা পথ ঘুরে সামনে ফার্মগেট-তেজগাঁও সড়কের ওভারব্রিজ বা পেছনের তেজতুরি বাজারের ওভারব্রিজটি ব্যবহার করতে হচ্ছে।
ফুট ওভারব্রিজ অপসারণের বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী গাজী ফিরোজ রহমান বলেন, কাজ শুরু হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যেই এটি এখান থেকে অপসারণ করা হবে। এখানে নতুন করে ফুট ওভারব্রিজ স্থাপন করা হবে না বলে জানান তিনি।
গত ৩০ মার্চ প্রথম আলো-ডিজিটাল মিডিয়ায় এ নিয়ে ‘ফুট ওভারব্রিজটির “ঝুঁকি” দূর হবে কবে? ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।