ফিজিওথেরাপি কলেজ নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
স্বাস্থ্যমন্ত্রী ১৪ দিনের মধ্যে শুরু করার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু ১৯ দিন অতিবাহিত হলেও বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি ভবনের নির্মাণকাজ এখনো শুরু হয়নি। এ কারণে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। কলেজের কাজ শুরু করার ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন তাঁরা।কলেজ নির্মাণ শুরুর দাবিতে শিক্ষার্থীরা গত ২১ জুন কেন্দ্রীয় শহীদ মিনারে চতুর্থ দফা আমরণ অনশন শুরু করেন। অনশনের নবম দিনে (২৯ জুন) স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ১৪ দিনের মধ্যে কলেজের নির্মাণকাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দেন। এই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে অনশন স্থগিত করেন শিক্ষার্থীরা।ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, গত ১৯ দিনে কী কাজ হয়েছে, এ ব্যাপারে শিক্ষার্থীরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, কাজ চলছে এবং বিভিন্ন জায়গায় অফিশিয়াল চিঠি ইস্যু করা হয়েছে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল, ১৪ দিনের মধ্যে কলেজের কাজ শুরু করার পদক্ষেপ নেওয়া, যা এখনো শুরুই হয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।