ফিজিওথেরাপি কলেজ নির্মাণের দাবিতে মন্ত্রীর বাসভবন ঘেরাও
স্বতন্ত্র ফিজিওথেরাপি কলেজ নির্মাণ ও স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে তিন ঘণ্টা স্বাস্থ্যমন্ত্রীর মিন্টো রোডের সরকারি বাসভবন ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী গতকাল ঢাকার বাইরে ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টার দিকে স্নাতক পর্যায়ের শতাধিক শিক্ষার্থী স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সরকারি বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিতে অংশ নেন। তাঁরা দফায় দফায় সেখানে বিক্ষোভ করেন। এ সময় তাঁদের ‘স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যা আশ্বাস মানি না-মানব না, বস্তি উচ্ছেদ করে ফিজিওথেরাপি কলেজ দিতে হবে, দিয়ে দাও’ বলে স্লোগান দিতে দেখা যায়। রাত নয়টা পর্যন্ত এ ঘেরাও কর্মসূচি চলে। বিপুলসংখ্যক পুলিশ ফিজিওথেরাপি শিক্ষার্থীদের ঘিরে রাখে। জানতে চাইলে বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের (বা.প.সু) যুগ্ম আহ্বায়ক ফিরোজুল আলম প্রথম আলোকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন-কর্মসূচি চলবে। বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটির সহসভাপতি কামরুজ্জামান বলেন, ফিজিওথেরাপি কলেজ নির্মাণ ও ফিজিওথেরাপি শিক্ষক নিয়োগে মন্ত্রী আশ্বাস দিলেও তিনি তা রাখেননি।যোগাযোগ করা হলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার নূরুল ইসলাম বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের দাবিদাওয়ার বিষয়ে শুনেছে। ফিজিওথেরাপি কলেজ নির্মাণের দাবিতে গত শনিবার ফিজিওথেরাপি শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও রোববার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেন।