ফিজিওথেরাপি কলেজ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র ফিজিওথেরাপি কলেজ নির্মাণ ও শিক্ষার্থীদের জন্য স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে গতকাল শনিবার মানববন্ধন করেছেন ফিজিওথেরাপির শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টার দিকে প্রায় ২০০ শিক্ষার্থী কলেজ অব ফিজিওথেরাপি নির্মাণের দাবিসংবলিত ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁরা মানববন্ধন করেন। শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ও ন্যায়সংগত দাবির মুখে ২০০৯ সালে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক মহাখালীতে জমি বরাদ্দ দেন এবং সেখানে কলেজ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু সেখানে ফিজিওথেরাপি কলেজ নির্মাণের কাজ আর শুরু হয়নি। বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থাপিত একটি শ্রেণীকক্ষে দুই শতাধিক স্নাতক কোর্সের শিক্ষার্থী অধ্যয়নরত। তাঁদের জন্য রয়েছেন মাত্র একজন ফিজিওথেরাপি শিক্ষক। শিক্ষকসংকট নিরসনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হলেও তাঁরা কোনো সুফল পাননি। বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের (বা.প.সু) যুগ্ম আহ্বায়ক ফিরিজুল আলম প্রথম আলোকে বলেন, সরকার ফিজিওথেরাপি কলেজ নির্মাণ ও ফিজিওথেরাপি শিক্ষক নিয়োগে পদক্ষেপ না নিলে তাঁরা সোমবার স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করবেন।