ফিজিওথেরাপি কলেজ ভবনের নির্মাণকাজ আর হচ্ছেই না
বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি ভবনের নির্মাণকাজ আর হচ্ছে না। ছাত্ররা এ নিয়ে আন্দোলনে নেমেছেন। কবে এ ভবনের নির্মাণকাজ শুরু হবে তা কেউ বলতে পারছেন না।ছাত্রদের অভিযোগ, কলেজের জন্য নির্ধারিত জায়গার অবৈধ বসতি উচ্ছেদ করতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে বারবার চিঠি পাঠানো হলেও তিনি কোনো উদ্যোগ নেননি। অবৈধ বসতি উচ্ছেদ না হাওয়ায় নির্মাণকাজও হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মুনির হোসেনের কাছে এ ব্যাপারে জানতে চেয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি অসহযোগিতা করছি। এতে আপনার অসুবিধা কোথায়?’ এরপর আর কোনো কথা বলতে রাজি হননি তিনি।ছাত্ররা জানান, বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপির নিজস্ব ভবন না থাকায় এর ছাত্রদের বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে পড়তে হয়। এ কারণে একটি ভবন নির্মাণের দাবিতে ছাত্ররা আন্দোলন করে আসছেন। এ দাবিতে শিক্ষার্থীরা গত ২৩ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করে আসছেন। এর আগে একই দাবিতে ২১ জুন থেকে চতুর্থবারের মতো অনশন শুরু করলে নয় দিনের মাথায় স্বাস্থ্যমন্ত্রী ভবন নির্মাণের আশ্বাস দিয়ে অনশন ভঙ্গ করান। জানা যায়, ২০০৮ সালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ফিজিওথেরাপি ভবন নির্মাণের জন্য মহাখালীতে ৫ দশমিক ২৮ একর জায়গা অধিগ্রহণ করে। কিন্তু সেখানে অবৈধ বসতি থাকায় নির্মাণকাজ আর শুরু করা যায়নি। এরপর বিভিন্ন সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়। কিন্তু মহাপরিচালক এসব চিঠির কোনো জবাব দেননি। ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যমন্ত্রী ১৪ দিনের সময় চেয়েছিলেন। কিন্তু ২৩ দিন চলে গেছে, এখনো পর্যন্ত জায়গা খালি হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।