'ফিরোজাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করা দুঃখজনক'

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘ফিরোজা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা উচিত ছিল। তা করা হয়নি। এটি দুঃখজনক।’
আজ বুধবার রাতে ফিরোজা বেগমের ইন্দিরা রোডের বাসভবনে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান খালেদা জিয়া। পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার এ অবস্থানের কথা তুলে ধরেন।
এর আগে রাত পৌনে আটটার দিকে ফিরোজা বেগমের বাসভবনে যান খালেদা জিয়া। সেখানে তিনি ফিরোজা বেগমের ভাই আসাফউদ্দৌলাহ, দুই ছেলে সাফিন আহমেদ ও হামিন আহমেদসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, সহসাংগঠনিক সম্পাদক শামসুদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।