ফিলিং স্টেশনের জায়গায় বাস কাউন্টার পাল্টাপাল্টি অভিযোগ
দারুস সালাম রোডের টেকনিক্যাল মোড়ের কাছে অবস্থিত মোহনা ফিলিং স্টেশনের সামনে একটি বাস কাউন্টার বসানো নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ফিলিং স্টেশন মালিক ও বাস মালিক কর্তৃপক্ষ। চুক্তিপত্রের শর্ত ভঙ্গে সরকার ট্রাভেলসের বাস কাউন্টারটি অবৈধভাবে কার্যক্রম অব্যাহত রেখেছে।
দুই পক্ষের মধ্যে গত বছরের ১ জুন বাস কাউন্টার ভাড়াবিষয়ক চুক্তি স্বাক্ষরিত চুক্তি হয়। চুক্তির মেয়াদ এক বছর। তবে কোনো পক্ষ মেয়াদ পূরণের আগেই কাউন্টারটি তুলে দিতে চাইলে তিন মাস আগে নোটিশ দেবে বলে শর্ত ছিল।
ফিলিং স্টেশন মালিক এ কে এম মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের ডিসেম্বরে বাস কাউন্টার সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। ফেব্রুয়ারিতে বাস কাউন্টার সরিয়ে নেওয়ার কথা থাকলেও কাউন্টারের লোকজন তা করছেন না। অবৈধভাবে কাউন্টার চালু রাখার পাশাপাশি একাধিক মামলা করেছেন। বিভিন্ন কর্তৃপক্ষের কাছে বাস কাউন্টার মালিক এম এ কাফি সরকারের আবেদনে দাবি করা হয়, তিনি বাস কাউন্টার বাবদ অগ্রিম টাকা দিয়েছেন। তবে তাঁর দাবি করা টাকার অঙ্কে গরমিল রয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে করা ফৌজদারি মামলায় তিনি বলেছেন, মোহনা ফিলিং স্টেশনের মালিককে ২২ লাখ টাকা অগ্রিম দিয়েছেন। সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলীর কাছে করা এক আবেদনে বলেছেন, ২০ লাখ টাকা অগ্রিম দিয়েছেন। আবার ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর করা এক আবেদনে বলেছেন, ১৮ লাখ টাকা অগ্রিম দিয়েছেন।
মাজহারুল ইসলাম বলেন, ‘কাউন্টার বসানো বাবদ কাফি সরকার ১ লাখ ৮৫ হাজার টাকা দিয়েছিলেন। চার মাসের ভাড়া, বিল বকেয়া অগ্রিম টাকার সঙ্গে সমন্বয় করা হয়েছে। এখন তাঁর কাছে আমাদের পাওনা প্রায় ৪০ হাজার টাকা।’ কাফি সরকার বলেন, ‘সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে লিজ নেওয়া জায়গায় ফিলিং স্টেশনটি বানানো। সেখানে কাউকে বাস কাউন্টার ভাড়া দেওয়ার এখতিয়ার স্টেশন মালিকের নেই।’