ফিল্ম আর্কাইভকে দেওয়া জমিতে সংযোগ সড়ক তৈরি হচ্ছে
প্রস্তাবিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ অনিশ্চিত হয়ে পড়েছে। এই ভবন নির্মাণের জন্য সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়া চূড়ান্ত হলেও সেখানে এখন সড়ক নির্মাণের কাজ শুরু করেছে ঢাকা সিটি করপোরেশন। ঢাকা সিটি করপোরেশন দাবি করছে, মাস্টার প্লান অনুযায়ীই তারা নির্ধারিত স্থানে রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে। তারা এখানে একটি সংযোগ সড়ক নির্মাণ করবে। এদিকে, চলতি অর্থবছরে ভবনটির কাজ শুরু না করলে অনুদানকৃত অর্থ প্রত্যাহার করে নেবে জাপান সরকার। জানা গেছে, ১৯৯৩ সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে সরকারিভাবে আগারগাঁও প্রশাসনিক এলাকায় এফ-০৫ চিহ্নিত ১.৮৬ একর জমি বরাদ্দ দেওয়া হয়। ১৯৯৭ সালে প্রতিষ্ঠানটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে জমির মূল্য বাবদ বাংলাদেশ ব্যাংকের চালানের মাধ্যমে দুই কোটি টাকা পরিশোধ করে। পরে ভৌত অবকাঠামো নির্মাণ বাবদ গণপূর্ত বিভাগকে আরও এক কোটি ৮৬ লাখ টাকা দেওয়া হয়। ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে জানান, আর্কাইভ ভবন নির্মাণের উদ্দেশে ২০০৮-০৯ অর্থবছরে জাপান সরকারের ঋণ মওকুফ তহবিলের আওতায় প্রস্তাবিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণের জন্য প্রায় ৭৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে। প্রকল্পটি এখন একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আনিসুর রহমান বলেন, অধিগ্রহণ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন না করেই নির্মাণকাজ শুরু করে দিয়েছে সিটি করপোরেশন। এমনকি গণপূর্ত বিভাগের এ সংক্রান্ত মূল পরিকল্পনা ও নকশাতেও এই সংযোগ সড়ক অন্তর্ভুক্ত ছিল না। এই সড়ক নির্মাণ করা হলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রায় এক একর পরিমাণ জমি হারাবে। চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম বলেন, সড়ক নির্মাণের যে পরিমাণ জমি অবশিষ্ট থাকবে, তাতে কোনোক্রমেই একটি আধুনিক ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ সম্ভব নয়। তাছাড়া নতুন করে পরিকল্পনা করে একটি ভবন নির্মাণের ফলে অনেক বেশি সময় লেগে যাবে। কিন্তু চলতি অর্থবছরে প্রস্তাবিত ভবন নির্মাণ করতে না করলে জাপান সরকার ছাড়কৃত অর্থ ফেরত নেবে। ভবিষ্যতে এ ভবন নির্মাণ অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়বে। চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল বলেন, প্রয়োজনীয় সড়ক নির্মাণ কিংবা উন্নয়নমুখী কোনো কাজের বিরুদ্ধে আমরা নই। কিন্তু নির্ধারিত এই জমির পাশে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বেতার ভবন, প্রভৃতি ভবনের মতো গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের অবস্থান। ফলে জাতীয় স্বার্থে এমন এক স্থানেই বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মতো একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের নিজস্ব ভবন নির্মাণ যুক্তিযুক্ত। তারেক মাসুদের মতে, দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এবং ভবিষ্যত্ প্রজন্মের জন্য নিষ্কণ্টক একটি আর্কাইভ ভবন বাঞ্ছনীয়। নির্দিষ্ট সময়ে কাজ না করতে পারলে ভবনটি নির্মাণ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবে স্থানীয় সরকার মন্ত্রাণালয়কে বিষয়টি জানিয়েছি। একটি যৌক্তিক সমাধানের আশায় আছি আমরা।’ ঢাকা সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মাস্টার প্লান অনুযায়ী কাজ করছি আমরা। কোনো উদ্যোগকে বাধা দেওয়ার অসত্ উদ্দেশ্য আমাদের নেই। কিন্তু যেহেতু একটি অধিদপ্তর থেকে অভিযোগ উঠেছে, তাই আমরা কাজ বন্ধ করে আলোচনায় বসেছি। আন্তঃমন্ত্রণালয় সভায় যে সিদ্ধান্ত হবে, তাই চূড়ান্ত হিসাবে মেনে নিতে হবে। এদিকে, বর্তমানে নির্ধারিত জমিতে আর্কাইভ ভবন নির্মাণের দাবিতে নিজস্ব পন্থায় আন্দোলনের পরিকল্পনা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম বলেন, আগামী প্রজন্মের স্বার্থে আমরা একটি পূর্ণাঙ্গ আর্কাইভ ভবনের দাবি জানাই। শিগগিরই সড়কের কাজ বাতিল না করলে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন চলচ্চিত্র ব্যক্তিত্বরা। প্রসঙ্গত, চলচ্চিত্র সম্পর্কিত তথ্য, দলিলপত্র সংরক্ষণের সবচেয়ে বড় এই ফিল্ম আর্কাইভের কাজ চলছে শাহবাগের জাতীয় সম্প্রচার ভবনের দ্বিতীয় তলায়। সংশ্লিষ্ট সূত্র বলছে, চলচ্চিত্রের মূল্যবান জিনিসগুলো রাখার জন্য যে ধরনের পরিবেশ দরকার, একটি নির্দিষ্ট ভবনের অভাবে তা ভাড়া বাড়িতে নিশ্চিত করা যাচ্ছে না। ফলে এখন অনেক দুর্লভ চলচ্চিত্রের ফিল্ম নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।