ফিল্ম আর্কাইভে চলচ্চিত্র জমা পড়ে না
দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিপুল সংখ্যক চলচ্চিত্র তৈরি হচ্ছে। এ ছাড়া নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্র। প্রতিটি চলচ্চিত্র বা তথ্যচিত্রের একটি কপি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু অধিকাংশ নির্মাতাই এ নিয়ম মানেন না বলে অভিযোগ রয়েছে। এর ফলে এসব চলচ্চিত্র সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না।এই প্রেক্ষাপটে একটি প্রতিষ্ঠান এই প্রথম ৩৭টি চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমা দিয়েছে। গতকাল মঙ্গলবার বেসরকারি সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট নিজ উদ্যোগে নির্মিত এসব তথ্যচিত্র জমা দেয়। এর মধ্যে রয়েছে নারী অধিকার বিষয়ে ১৬টি, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বিষয়ে চারটি, জেন্ডার সচেতনতা বিষয়ে আটটি, শিশু অধিকার বিষয়ে তিনটি, পরিবেশ বিষয়ে তিনটি ও অন্যান্য বিষয়ে তিনটি প্রামাণ্য এবং কাহিনিনির্ভর তথ্যচিত্র।চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এটা অবশ্যই প্রশংসনীয় একটি কাজ। আর্কাইভের গুরুত্ব বুঝতে না পেরে বা সচেতনতার অভাবে অনেকে কাজটি করেন না। তিনি আরও বলেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্তৃপক্ষ এ বিষয়ে সচেতনতা তৈরির জন্য ব্যাপক প্রচার চালাতে পারে।চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম অবশ্য কিছুটা ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে তৈরি চলচ্চিত্রের ডিভিডি আর্কাইভে দেওয়া সহজ। তবে চলচ্চিত্রের ক্ষেত্রে বিষয়টি ব্যয়বহুল। একটি চলচ্চিত্রে মূল ফিল্ম (রিল) তৈরিতে বিপুল অর্থ খরচ হয়। আর এ কারণে অনেক নির্মাতা ছবি জমা দিতে উৎসাহ পান না। এ ক্ষেত্রে সরকারি আইন কিছুটা শিথিল করা প্রয়োজন বলে মনে করেন তিনি।ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, আর্কাইভে না থাকলে চলচ্চিত্র-গুলো কয়েক বছরের মধ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তিনি মনে করেন, মূল্যবান চলচ্চিত্র আর্কাইভ লাইব্রেরিকে সমৃদ্ধ করবে।ফিল্ম আর্কাইভের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার বলা হয়েছে, যেকোনো চলচ্চিত্রের একটি কপি ফিল্ম আর্কাইভে জমা দেওয়া বাধ্যতামূলক। অন্যথায় জাতীয় ইতিহাসের অনেক উপাদান হারিয়ে যাবে। তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিটি চলচ্চিত্রের একটি কপি ফিল্ম আর্কাইভে জমা দেওয়ার জন্য চলচ্চিত্র প্রতিষ্ঠান ও চলচ্চিত্র নির্মাতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এতে আরও বলা হয়, চলচ্চিত্র গবেষণার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে গড়ে তোলা সম্ভব হলে এর সুফল সবাই পাবে।