বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে সরকার পৌনে দুই একর জমি বরাদ্দ দিলেও ১৭ বছরে তা বুঝে পায়নি কর্তৃপক্ষ। জাতীয় গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের জায়গা দখল করে বানানো হয়েছে বিপণিবিতান। চলচ্চিত্র সম্পর্কিত তথ্য, দলিলপত্র সংরক্ষণের সবচেয়ে বড় এই প্রতিষ্ঠান চলছে রাজধানীর শাহবাগে জাতীয় সম্প্রচার ভবনের দ্বিতীয় তলায় এবং মিরপুর রোডের ভাড়া করা একটি বাড়িতে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে আর্কাইভে দেশি-বিদেশি প্রায় আড়াই হাজার চলচ্চিত্রের ফিতা (প্রিন্ট বা রিল) এবং বিভিন্ন ধরনের বইপত্র, পোস্টার, স্থিরচিত্রসহ ৫৫ হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ দলিল সংগৃহীত আছে। ১৯৩৫ সালে নির্মিত দেবদাস ছবির একমাত্র প্রিন্ট শুধু এ আর্কাইভেই আছে। এগুলো নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। আর্কাইভ সূত্র জানায়, ১৯৯৩ সালে ফিল্ম আর্কাইভকে সরকার ঢাকার আগারগাঁও প্রশাসনিক এলাকায় এফ-৫ চিহ্নিত ১ দশমিক ৮৬ একর জমি বরাদ্দ দেয়। সেই সূত্রে ১৯৯৭ সালে প্রতিষ্ঠানটি জমির মূল্য বাবদ দুই কোটি এবং পরে অবকাঠামো নির্মাণ বাবদ আরও এক কোটি ৮৬ লাখ টাকা পরিশোধ করে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, আর্কাইভের জন্য নির্ধারিত জায়গাটি গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মচারী দখল করে অস্থায়ী বিপণিবিতান তৈরি করে ব্যবসা করছেন। তাঁদের কয়েকজন বলেন, অধিদপ্তর চাইলে তাঁরা জায়গা ছেড়ে দেবেন। ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘অস্থায়ী বাড়িতে আমরা স্বাভাবিক কর্মতত্পরতা চালাতে পারছি না। মূল্যবান জিনিসগুলো রাখার জন্য যে ধরনের পরিবেশ দরকার, ভাড়া বাড়িতে তা নিশ্চিত করা যাচ্ছে না।’ গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, কয়েকবার অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের জন্য বরাদ্দ করা জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকার ও সচিব পদে পরিবর্তনসহ নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম বলেন, মন্ত্রণালয় এ ধরনের সিদ্ধান্ত অনেকবার নিলেও কোনোবারই তা বাস্তবায়ন করেনি। একাধিক সূত্র বলছে, জাতীয় সম্প্রচার ভবনে (বাংলাদেশ বেতারের প্রধান কার্যালয়ের পুরোনো ভবনে) ফিল্ম আর্কাইভ স্থাপনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে জটিলতা। এ ভবনটি ৪৬ বছর ধরে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহূত হয়ে আসছে। সম্প্রতি টেলিভিশনের প্রধান কার্যালয় এ ভবনের তৃতীয় তলা থেকে রামপুরার টিভি ভবনে স্থানান্তর করা হয় এবং পরে এ স্থানে ফিল্ম আর্কাইভ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর্কাইভের ভারী যন্ত্রপাতি এ ভবনে আনা হয়েছে। বেতারের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, এই সিদ্ধান্তের ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, পাশাপাশি বেতারের প্রধান কার্যালয়টি নিজস্বতা হারাতে বসেছে।চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল বলেন, জাতীয় আর্কাইভ ভবন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বেতার ভবন, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর রয়েছে এমন একটি স্থানেই ফিল্ম আর্কাইভের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিজস্ব ভবন হওয়া দরকার।