ফুটওভারব্রিজটি দুই মাস বন্ধ, দুর্ভোগে রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) ও বারডেম হাসপাতালের মধ্যকার ফুটওভারব্রিজটি প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে। এতে এ দুই হাসপাতালে আসা রোগী, তাদের স্বজন ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ মঞ্চের উদ্যোগে মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে কর্মসূচি শুরু হলে নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ ফুটওভারব্রিজটিতে চলাচল বন্ধ করে দেয়।এখন যেহেতু শাহবাগে গণজাগরণ মঞ্চের কার্যক্রম সীমিত হয়ে পড়েছে, তাই ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি উঠেছে। বারডেম হাসপাতালের চিকিৎসকসহ অনেকেই প্রথম আলো কার্যালয়ে ফোন করে ব্রিজটি চালু করে দেওয়ার দাবি জানিয়েছেন।গত মঙ্গলবার বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, ব্রিজের সব প্রবেশপথই তার দিয়ে আটকানো। পুলিশ ও র‌্যাবের কয়েকজন সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন। বাধা উপেক্ষা করে ব্রিজে ওঠার চেষ্টা করেন মধ্যবয়সী সুফিয়া বেগম। র‌্যাবের এক সদস্য তাঁকে আটকালে তিনি অনুরোধ করে বলেন, ‘আমি পার হতে পারি না বাবা, আমাকে একটু যেতে দেও।’ জুরাইন থেকে গত এক মাস নিয়মিত বারডেম হাসপাতালে আসতে হয় তাঁকে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার পোলা না আসলে আমি একা রাস্তা পার হইতে পারি না গো মা।’ মরিয়ম বেগম এসেছেন মিরপুর থেকে। যাবেন বিএসএমএমইউতে। তিনিও তারের বাধা সরিয়ে ফুটওভারব্রিজ দিয়ে পার হলেন। মরিয়ম বলেন, ‘আমার মেয়ে অসুস্থ। তাকে নিয়ে রাস্তা পার হওয়া যাবে না, তাই দুর্ভোগ সত্ত্বেও ব্রিজ দিয়ে যাচ্ছি।’ দিনে কয়েকবার এপার-ওপার করতে হয় ফলবিক্রেতা শওকত হোসেনকে। ‘আফা আমি জলদি পার হওয়ার লাগি এই ব্রিজ দিয়া উঠছি। আমার দোকান ব্রিজ লাগাওয়া, হাইট্টা পার হইলে ঘুরা হয় মেলা।’ বলেন তিনি।ব্রিজে দায়িত্বরত র‌্যাবের উপপরিদর্শক মুনির উজ্জামান জানান, ‘আমরা নিজেরা উপলব্ধি করতে পারি এই প্রতিবন্ধকতা রোগীদের জন্য কত অসুবিধা। কিন্তু আমাদের করার কিছু নেই।’এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ফুটওভারব্রিজটি বন্ধ করা হয়েছে। গণজাগরণ মঞ্চের কর্মসূচি চলাকালে ব্রিজটি ব্যবহার করে কেউ যেন নাশকতা করতে না পারে, সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।তবে এখন আর ব্রিজটি বন্ধ রাখার প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত খুলে দেব।’