ফুটপাত উদ্ধারে কার্যক্রম নেই হকাররাও বসছে পসরা নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার সড়কের পাশে ও ফুটপাতের ওপর থেকে নির্মাণসামগ্রী, অবৈধ স্থাপনা এবং জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন বস্তু সরিয়ে নিতে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্দেশ কেউ মানেনি। গতকাল রোববারও রাজধানীর প্রধান বিপণিবিতান ও ব্যস্ত সড়কের পাশের ফুটপাতে জনচলাচলে বাধা সৃষ্টি করে হকারদের পসরা সাজিয়ে বসে থাকতে দেখা গেছে। এ প্রতিবন্ধকতা অপসারণে ডিসিসির কোনো কার্যক্রম দেখা যায়নি। গত শনিবারের মধ্যে ফুটপাত থেকে নির্মাণসামগ্রী, অবৈধ স্থাপনা এবং জনচলাচলে সৃষ্টি করা প্রতিবন্ধকতা উচ্ছেদের বিষয়ে ১০ মার্চ ডিসিসি নোটিশ দিয়েছিল। ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা প্রথম আলোকে গতকাল রাতে ফোনে বলেন, উচ্ছেদ কার্যক্রম পরিচালনার প্রস্তুতি চলছে। শিগগির শুরু হবে। গতকাল নিউমার্কেটের দেয়াল ঘেঁষে ও ঢাকা কলেজের উল্টো দিকে অনেক হকারকে ব্যবসা করতে দেখা গেছে। এসব হকারের কারণে লোকজন ফুটপাত দিয়ে চলাচলে দুর্ভোগে পড়েন। ফুটপাত হকারদের দখলে থাকায় অনেকে সড়কে নেমে চলতে বাধ্য হন। কিন্তু সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখায় পাশ দিয়ে হাঁটতেও সমস্যায় পড়েন লোকজন। তবে গাউছিয়া মার্কেট থেকে বাটা সিগন্যালমুখী সড়কে পুলিশ কোনো গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেয়নি। বায়তুল মোকাররম মার্কেট ও গুলিস্তান এলাকায়ও ফুটপাত দখল করে হকারদের বসে থাকতে দেখা গেছে।এদিকে ফুটপাত থেকে নির্মাণসামগ্রী, অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে ডিসিসির নোটিশের কারণে হকারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শনিবার গাউছিয়া এলাকার হকার আলী হোসেন প্রথম আলোকে বলেন, ‘ছেলেমেয়ে স্কুলে পড়ে। এক দিন ফুটপাতে বসতে না পারলে সংসার চলে না। কাজেই সরকার তাঁদের উঠিয়ে দিলে কই যাবেন?’ তিনি বলেন, ‘সরকার বিমানবন্দরের নাম বদলাতে গিয়ে কোটি কোটি টাকা নষ্ট করে। সেগুলো না করে হকারদের জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করুক।’ তবে সাধারণ মানুষ ফুটপাত উদ্ধারের পক্ষে। নিউমার্কেট এলাকার বাসিন্দা সাবরিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘হকারদের যন্ত্রণায় এ এলাকার ফুটপাত দিয়ে একজন মানুষও হাঁটতে পারে না। প্রতি দিন এ রকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে দিয়েই বাসায় আসতে হয়। কিন্তু কাল যে আবার হকাররা বসবে না, তার নিশ্চয়তা কোথায়?নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম কামরুল ইসলাম বলেন, তাঁরা নিয়মিতই ফুটপাত দখলমুক্ত করার জন্য অভিযান চালান। ডিসিসির পক্ষ থেকে গতকাল কোনো অভিযান পরিচালিত হতে তিনি দেখেননি।এর আগে গত শনিবার নিউমার্কেট থানার পুলিশ গাউছিয়া মার্কেটের পাশের বেশ কিছু অস্থায়ী দোকান তুলে দেয়। ওই এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে দাঁড় করিয়ে রাখা গাড়িও সরিয়ে দেওয়া হয়। গতকাল রোববার দেখা গেছে, শনিবার সরিয়ে দেওয়া অনেক অস্থায়ী দোকান আবারও বসেছে।