রাজধানীর আগারগাঁওয়ের শ্যামলী লিংক রোডের দুই পাশের ফুটপাত দখল করে দোকানপাট বসানো হয়েছে। ফেলে রাখা হয়েছে আবর্জনা রাখার কনটেইনার। চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনের ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে অবৈধ দোকানপাট। বেতার ভবনের পর থেকে শ্যামলী লিংক রোডের দুই পাশের ফুটপাতের বেহাল দশা। সড়কের উত্তর পাশের ফুটপাতে রয়েছে ময়লা-আবর্জনা রাখার কনটেইনার। এ সড়ক দিয়ে চলাচল করার সময় পথচারীদের দুর্গন্ধে নাক চেপে চলতে হয়। এর পূর্ব পাশে খালের ধারে তৈরি করা হয়েছে বস্তি।
সড়কের দক্ষিণ পাশে শিশু হাসপাতালের সামনের ফুটপাতে স্থাপন করা হয়েছে সারি সারি দোকানপাট। শিশুমেলার মূল ফটক পর্যন্ত দখল হয়ে আছে এসব দোকানপাটে। দোকানের চেয়ার-টেবিল বসানো হয়েছে ফুটপাতের ওপরই। ফুটপাতের ওপরই বসানো হয়েছে খাবার হোটেল। এর পাশ দিয়ে পথচারীদের জন্য চলাচল করা কঠিন হয়ে পড়েছে।
শিশু হাসপাতালের বিপরীত পাশের মুদি দোকানদার রহিমুদ্দিন বলেন, ‘অনেক দিন ধরে দোকান করতেছি। কেউ তো কখনো কোনো অভিযোগ করে নাই।’ ফুটপাতের ওপর তৈরি যাত্রী ছাউনিতে নেই কোনো বসার জায়গা। যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে অপেক্ষা করাও হয়ে ওঠে পথচারীদের জন্য দুর্ভোগ। এই সড়কের এক পাশেই অবস্থিত শিশুমেলা। সড়কের ওপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে বাস, লেগুনাসহ ভারী যানবাহন। অথচ সড়কটিতে নেই কোনো জেব্রা ক্রসিং কিংবা পদচারী-সেতু। ফলে সড়ক পারাপার হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ।
খোঁজ নিয়ে জানা যায়, মাঝেমধ্যে প্রশাসন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কয়েক দিন পর আবার তা বেদখল হয়ে যায়। শিশুমেলায় পাঁচ বছরের ছেলে সামিউলকে নিয়ে বেড়াতে এসেছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবুল বাসার। তিনি বলেন, এমনিতেই বাচ্চাদের নিয়ে রাস্তায় চলাচল করতে অনেক সমস্যা হয়, তার ওপর ফুটপাত দখল হয়ে থাকায় তা হয়ে ওঠে দুর্ভোগের।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি জি বিশ্বাস বলেন, ‘কয়েক দিন পরপরই আমরা অভিযান পরিচালনা করছি। কিন্তু উচ্ছেদ করার কয়েক দিন পর আবার দখল হয়ে যাচ্ছে।’