ফুটপাতে খাইদাই, ঝুঁকি নিয়ে মাথাব্যথা নাই!
রাজধানীজুড়ে ফুটপাতে বিক্রি হচ্ছে নানা ধরনের আইসক্রিম, শরবত, ফল ও ফলের ভর্তা। গরমে এসব খাবারের চাহিদা ও বিক্রি দুই-ই বেশি। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নানা উপকরণ দিয়ে এসব খাবার তৈরি হচ্ছে। বিক্রি হচ্ছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। তবে এসব খাবারের ঝুঁকি নিয়ে কারও মাথাব্যথা নেই।ফুটপাতের এসব খাবারের মধ্যে শরবত ও কাটা ফলের ক্রেতা মূলত শ্রমজীবী, চাকরিজীবী ও বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীরা। শিশু ও তরুণ বয়সের ছেলেমেয়েদের পছন্দের তালিকায় আছে আইসক্রিম। তবে ফলভর্তা ছাড়া অন্য খাবারে আগ্রহ নেই নারীদের।জিগাতলা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ চাকরিজীবী রশিদ আখের শরবত খেতে খেতে বলেন, ‘যা গরম পড়ছে! শরবত খেলে গরমও কমবে, শরীরটাও ভালো থাকবে।’মহানগর ঘুরে দেখা যায়, ফুটপাতে আখ, লেবু, বেল, ভেষজ, গুড়ের শরবতই বেশি। শরবত ওয়াসার পানি দিয়ে তৈরি হয়, মাছে ব্যবহার করা বরফ তাতে দেওয়া হয়। এ ছাড়া গরমে বিভিন্ন ফল, যেমন—শসা, তরমুজ ও আনারস কেটে রাস্তায় ভ্রাম্যমাণ ভ্যানে বিক্রি করা হয়। না ধুয়ে বা অনেক সময় সঙ্গে রাখা বালতিতে চুবিয়ে প্লেট ও গ্লাসে এসব খাবার পরিবেশিত হয়।ব্যাংক কর্মকর্তার গাড়ি চালান সেলিম মিয়া। প্রতিদিন দীর্ঘ সময় তাঁকে মতিঝিল এলাকায় থাকতে হয়। তাঁর এক গ্লাস লেবুর শরবত চাই-ই চাই। কী দিয়ে এবং কীভাবে শরবত তৈরি হয়—জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যাপারটা আগে খেয়াল করিনি তো!’মিরপুর বাঙলা কলেজের ছাত্র এনামুল জানান, রাস্তায় এক প্লেট তরমুজ খেয়েছিলেন। এরপরই শুরু হয় পেটব্যথা। তারপর তিন দিন চিকিৎসা নিয়েছেন কলেরা হাসপাতালে।নাম প্রকাশ না করার শর্তে এক শরবত বিক্রেতা জানান, তিনি মাছের জন্য তৈরি বরফ ব্যবহার করেন শরবতে। কাপ্তানবাজার, ঠাটারীবাজার, ফকিরাপুল ও কারওয়ান বাজার থেকে বরফ কেনেন।কাপ্তানবাজারের বরফ বিক্রেতা মো. আব্বাস বলেন, ‘মাছের বরফই আমরা আইসক্রিম ও শরবত বিক্রেতাদের কাছে বিক্রি করি। তবে বিক্রির আগে পানি দিয়ে ধুয়ে দিই।’ এ বরফ তৈরিতে কোন পানি ব্যবহার করা হয়—জানতে চাইলে তিনি বলেন, ‘লাইনের পানি।’এ ছাড়া আইসক্রিম, বিশেষ করে গোলা আইসক্রিম বর্তমানে শিশুদের পছন্দের তালিকায় শীর্ষে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই আইসক্রিম তৈরি হয় বরফ কুচি, সুগন্ধি, ঘনচিনি ও রঙের সংমিশ্রণে। সব উপকরণই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পরিচালক মাজেদা বেগম প্রথম আলোকে বলেন, গোলা আইসক্রিমে ব্যবহূত উপকরণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে ক্যানসার ও কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।