ফুটপাতে ঘুমন্ত তিনজনের প্রাণ কেড়ে নিল ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেপরোয়া গতির একটি ট্রাক গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর মতিঝিল এলাকার পীরজঙ্গি মাজারের ফাঁকা জায়গায় ঘুমন্ত লোকজনকে চাপা দেয়। এতে তিনজনের মৃত্যু হয়।নিহত ব্যক্তিরা হলেন ভ্যানচালক তোতা মিয়া (২৫), রিকশাচালক বাবু মিয়া (২৬) ও এমদাদুল হক (২৬)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পীরজঙ্গি মাজারের তিন রাস্তার মুখে ফাঁকা জায়গায় খেটে খাওয়া লোকজন ঘুমাচ্ছিলেন। ভোর পাঁচটার দিকে বেপরোয়া গতির একটি ট্রাক ওই ফাঁকা জায়গায় উঠে পড়ে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক তোতা মিয়া ঘটনাস্থলে মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রিকশাচালক বাবু মিয়া ও এমদাদুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁরা মারা যান। পুলিশ ট্রাকটি আটক করে মতিঝিল থানায় নিয়ে গেলেও চালক পালিয়েছে। ওই দুর্ঘটনায় আহত মজিদ (২৫), বিজয় (২২) ও আবুল হোসেনকে (৪৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন হাওলাদার জানান, তোতা মিয়া মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রছাত্রী বহন করতেন ভ্যানে। তিনি ভ্যান নিয়ে ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন। অন্যরা ফাঁকা জায়গায় ঘুমাচ্ছিলেন। তোতার বাবার নাম শামসুল হক। গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার বিরাশী গ্রামে।বাবু মিয়ার গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীর সোনাপুরে। তাঁর বাবার নাম আবুল খায়ের মিয়া। এমদাদুল হকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। গতকাল সন্ধ্যার পর আসমা বেগম নামের এক তরুণী ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে এমদাদুলকে তাঁর স্বামী বলে শনাক্ত করেন। তবে তিনি এমদাদুলের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি।