ফুটপাতে ছাউনি তুলে দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার হাউস বিল্ডিং এলাকার মাসকট প্লাজার সামনে থেকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের বিপরীত পাশে থাকা কারি-ইন-আ-হারি রেস্তোরাঁর সামনের অংশ পর্যন্ত ফুটপাত দখল করে চলছে ব্যবসা। এর ফলে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, আধা কিলোমিটার দূরত্বের ওই ফুটপাতজুড়ে ৩৩টি রিকশা ভ্যান এবং শতাধিক বড় আকারের বাক্স, ভাঁজ করা টেবিল, ফল পরিবহনে ব্যবহৃত ঝুড়িতে করে বিক্রি করা হচ্ছে শার্ট, প্যান্ট, গেঞ্জি, টপস, ফতুয়া, বেল্ট, অলংকার, চশমা প্রভৃতি পণ্য। সেখানে দাঁড়িয়ে চলছে ক্রেতাদের কেনাকাটা, দরদাম। ভিড় ঠেলে এগোতে হচ্ছে সামনে। ফুটপাত ব্যবহার করে স্বচ্ছন্দে হাঁটতে পারছে না পথচারীরা।

দখল হয়ে যাওয়া ফুটপাতের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মাসকট প্লাজা থেকে নির্মাণাধীন বিএমডব্লিউ পয়েন্টের সামনের অংশ পর্যন্ত। এখানে ফুটপাতের দুই পাশ দখলে নিয়ে ফুটপাতের ওপর ত্রিপলের ছাউনি দিয়ে তার নিচে টেবিল পেতে রীতিমতো দোকান তৈরি করা হয়েছে। দেখে মনে হয় যেন কোনো স্থায়ী মার্কেট। ওই অংশে পায়ে চলার উপায় নেই, লোকজনকে মূল সড়কে নেমে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। এদিকে আবার সড়কের দুটি লেন দখলে নিয়ে রাস্তায় লোহার রেলিং বসিয়ে নির্ধারিত করে দেওয়া হয়েছে খালপাড়-দিয়াবাড়িগামী লেগুনার স্ট্যান্ড। সেখানে প্রায় সব সময় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে ৮-১০টি লেগুনা।

সড়কের ওই অংশ দিয়ে স্কুলগামী ছেলেকে নিয়ে কষ্টে হেঁটে আসছিলেন ইয়াসমিন। তিনি বলেন, ‘দেখতেই তো পাচ্ছেন, ভিড় ঠেলে কীভাবে হেঁটে আসছি। রিকশা কিংবা লেগুনাতে ওঠার জন্যও মাসকট প্লাজার সামনে থেকে এ পর্যন্ত হেঁটে আসতে হয়। ফুটপাত দখল করে এভাবে দোকান বসানোয় মূল সড়ক দিয়েই হাঁটতে হচ্ছে।’ ইয়াসমিনের মতো হাজারো পথচারী প্রতিনিয়ত এ ভোগান্তিতে পড়ছেন। সেখানে কর্তব্যরত পুলিশের এক সদস্য প্রথম আলোকে বলেন, ‘কতবার উচ্ছেদ করা যায় বলুন? উচ্ছেদ করতে এলেই এরা ভ্যান চালিয়ে কিংবা বাক্স হাতে নিয়ে সরে যায়। কিছু সময় পরই আবার এসে বসে যায়।’

ফুটপাতে ভ্যানে করে গেঞ্জি বিক্রি করা ব্যবসায়ী মিঠু ইসলাম বলেন, সবার সহযোগিতা নিয়েই তাঁরা এখানে ব্যবসা করছেন। কাদের সহযোগিতা নিয়েছেন, তা অবশ্য তিনি স্পষ্ট করে বলেননি।

ফুটপাতের উচ্ছেদ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রসিকিউশন কর্মকর্তা আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ওই এলাকাগুলোতে সাধারণত উচ্ছেদ করেন সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলররা। তিনি বলেন, ১৪ নভেম্বর আবদুল্লাহপুর ও আশপাশের এলাকায় ডিএনসিসির পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে।