ফুটপাতে দলীয় কার্যালয়, আড়ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের রূপনগর, দুয়ারীপাড়া মূল সড়কের দক্ষিণ পাশের ফুটপাতে নির্মাণ করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় l প্রথম আলো
মিরপুরের রূপনগর, দুয়ারীপাড়া মূল সড়কের দক্ষিণ পাশের ফুটপাতে নির্মাণ করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় l প্রথম আলো

মিরপুরের রূপনগর, দুয়ারীপাড়া মূল সড়ক। দক্ষিণ পাশের ফুটপাতে বসেছে চেরাই কাঠের আড়ত। তার পাশেই আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়। উত্তর পাশের ফুটপাতে কাঁচাবাজার। দোকানির হাঁকডাক, ক্রেতার দরদাম চলছে। সড়কে জমে আছে প্যাচপ্যাচে কাদা। ফুটপাতের সামান্য কিছু জায়গা খালি। তার ওপর দিয়েও চলছে রিকশাভ্যান। অগত্যা বাধ্য হয়েই পথচারীরা কর্দমাক্ত সড়কে নামছে।
দুয়ারীপাড়া প্রধান সড়কের চিত্রটি এমনই। গতকাল রোববার সেখানে গেলে দুয়ারীপাড়া মোড় থেকে কাঁঠালতলা মোড় পর্যন্ত সড়কের দুপাশে প্রায় ৬০টি স্থায়ী, ২০টি ভ্রাম্যমাণ ও কিছু অস্থায়ী দোকান চোখে পড়ে। আছে রিকশাভ্যান, সাইকেল ও ইলেকট্রনিক সামগ্রী মেরামতের দোকান। আরও আছে লেপ-তোশক, শুঁটকি, মৌসুমি পণ্য, ফল, ডিম, ভাজাপোড়া, ছোলা-মুড়ি, চিড়া, চা, রকমারি পণ্য, সবজি, পান-সুপারি ও হালকা খাবার বিক্রির দোকান।

ফুটপাতে গড়ে ওঠা চেরাই কাঠের আড়ত l প্রথম আলো
ফুটপাতে গড়ে ওঠা চেরাই কাঠের আড়ত l প্রথম আলো

কয়েকজন দোকানি বলেন, ফুটপাতের এ বাজারটি প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে চলছে। এখানে দৈনিক ও মাসিক ভাড়ায় দোকান নিতে হয়। তবে কার কাছে ভাড়ার টাকা দেন, আর কেই-বা তাঁদের দোকান বসানোর অনুমতি দিয়েছেন, তা কেউ বলেননি। এ বিষয়ে জানতে চাইলে তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। কেউ কেউ স্থানীয় ও দলীয় লোকদের কথা বললেও কারও নাম বলতে রাজি হননি।
সবজি ও ফল বিক্রেতা মো. শামছুদ্দিন বলেন, ‘মাসিক এক হাজার টাকায় ভাড়া রাখছি। ফুটপাত জানি, তারপরও সবাই বসছে দেইখা বসছি। সরকারি লোক উইঠা যাইতে কইলে চইলা যাব।’
সড়কের ওই অংশে নির্মাণাধীন জামে মসজিদের বিপরীত পাশে ফুটপাতের জায়গায় নির্মাণ করা হয়েছে ৯২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রধান কার্যালয়। এক কক্ষের পাকা এ ভবনের ভেতরটা বেশ সাজানো-গোছানো। গতকাল সেখানে গেলে কার্যালয়ে উপস্থিত নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দলীয় কর্মী বলেন, আগে এটি বিএনপির কার্যালয় ছিল। তিন বছর ধরে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা এটা ব্যবহার করছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত কার্যালয়টি খোলা থাকে।
হাঁটাচলার সমস্যা নিয়ে কাঁঠালতলা মোড়ের বিসমিল্লাহ ফার্মেসির ব্যবস্থাপক আবদুল মান্নান বলেন, ফুটপাত-রাস্তায় দোকান থাকলে চলাফেরায় অসুবিধা হবে, এটাই স্বাভাবিক।
উল্লিখিত অংশের কাঠের আড়তে আছে ১৭টি চেরাই কাঠ বিক্রির দোকান। সেখানে কেজি দরে কাঠ বিক্রি হয়। ব্যবসায়ীরা বলেন, টঙ্গী, গাজীপুর, বিমানবন্দর এলাকা, মিরপুর ১ ও ১০ নম্বর থেকে এই আড়তে কাঠ আসে। এসব কাঠ আসবাব তৈরিতে কাজে লাগে। কাঠ বিক্রেতা মোহাম্মদ সবুজ বলেন, ‘ফুটপাত হইলেও তো দোকানের ভাড়া দেই। কত দেওয়া লাগে, তা কইতে পারব না।’
সড়কটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয় ২-এর অধীনে ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বিষয়গুলো জানালে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এসব ক্ষেত্রে আমরা সাধারণত উচ্ছেদের পদক্ষেপ নিই। উচ্ছেদকাজ পরিচালনা করেন আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। আমরা খোঁজখবর নেব। সত্যতা পেলে অবশ্যই রোজার পরে উচ্ছেদ করা হবে।’