ফুটপাতে মোটরসাইকেল চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশের চার মাসের বেশি সময় অতিবাহিত হলেও রাজধানীর ফুটপাতে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়নি। পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাতে মোটরসাইকেল চলাচলের এ নিষেধাজ্ঞা প্রতিনিয়তই লঙ্ঘিত হচ্ছে। এতে নানা ভোগান্তি, বিড়ম্বনাসহ প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। রমজান মাসে ভোগান্তি আরও বেড়েছে।সরেজমিনে নগরের ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, খামারবাড়ি, আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে। রাস্তায় যানজটে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলেই মোটরসাইকেল উঠে যায় ফুটপাতে। পথচারীদের জায়গা ছেড়ে দিতে হয় মোটরসাইকেল চলাচলের জন্য। সময় বাঁচানোর অজুহাত দেখিয়ে আইন ভেঙে সবাই ছোটে গন্তব্যে। মোটরসাইকেলের আরোহীরা এটাকে কোনো অপরাধ বলেই মনে করেন না।হাইকোর্ট গত ৫ মার্চ এক আদেশে ফুটপাত গুলোতে মোটরসাইকেল চলাচল করতে না দিতে মহানগর পুলিশকে নির্দেশ দেন। সেই নির্দেশের চার মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তা প্রতিনিয়তই লঙ্ঘন করা হচ্ছে।ফুটপাতে মোটরসাইকেলের আরোহীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের (দক্ষিণ) উপকমিশনার আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আগের চেয়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে। এঁদের বিরুদ্ধে মামলাও করা হচ্ছে। ফুটপাতে মোটরসাইকেল চালানোর বিষয়টির সঙ্গে যানজট সম্পৃক্ত। যানজটের সময় দ্রুত গন্তব্যে যেতে অনেকে ফুটপাতে মোটরসাইকেল চালান। তবে এ প্রবণতা আগের চেয়ে কমেছে।’রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাইকোর্টের নির্দেশের পরও ফুটপাতে মোটরসাইকেল চলাচল কমেনি। যানজটের সময় ফুটপাত দিয়ে যত্রতত্র মোটরসাইকেল চলাচলের কারণে পথচারীরা প্রতিনিয়তই ভোগান্তিতে পড়ছে। কারওয়ান বাজারে পথচারী মোবারক হোসেন বলেন, ‘আমাদের চলাচলের জন্য কোনো জায়গা নেই। রাস্তায় চলে গাড়ি আর ফুটপাত দিয়ে চলে মোটরসাইকেল। পথচারীরা হাঁটতে পারছে না। হাঁটার জায়গা সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চাই।’নগরের কয়েকটি এলাকায় ফুটপাতে মোটরসাইকেল চলাচলের দৃশ্য চোখে পড়ে। বিষয়টি জানতে ফুটপাতে মোটর সাইকেলের আরোহীদের সঙ্গে কথা বলতে গেলে অনেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন। আইন সম্পর্কে তাঁদের নেই ন্যূনতম সচেতনতা। ফার্মগেটে ফুটপাত দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের একজন আরোহী (নাম জানা যায়নি) বলেন, ‘মোটরসাইকেল সব জায়গায় চলতে পারে। যখন দুর্ঘটনা ঘটবে, তখন দেখা যাবে।’ জসিমউদ্দিন নামের আরেকজন বলেন, ‘হাইকোর্টের আদেশ জানি না। যানজটের কারণে ফুটপাত দিয়ে চলছি।’নগরের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, হাইকোর্টের আদেশ অমান্য করে ফুটপাতে নির্বিঘ্নে মোটরসাইকেল চলাচলের বিষয়টির তদারকি মাঠপর্যায়ে নেই। বিভিন্ন পেশার নাগরিকদের পাশাপাশি ফুটপাত দিয়ে পুলিশের মোটরসাইকেলও চলাচল করতে দেখা যায়। ফুটপাতে চলাচলকারীরা সময়স্বল্পতার অজুহাত দেখান। তবে পুলিশের দাবি, ফুটপাত দিয়ে চলাচলের অভিযোগে মোটরসাইকেলের আরোহীদের বিরুদ্ধে মামলা করা হয়, বসেন ভ্রাম্যমাণ আদালত। ট্রাফিক বিভাগে লোকবল কম থাকায় সব জায়গায় তদারক করা সম্ভব হয় না বলেও জানিয়েছেন পুলিশের একাধিক মাঠ কর্মকর্তা।হাইকোর্টের নির্দেশ ছাড়াও পথচারীদের হাঁটার অধিকার সংরক্ষণে সিটি করপোরেশন, মোটরযান আইন এবং মহানগর পুলিশ অর্ডিন্যান্সে বিভিন্ন বিধান রয়েছে। কিন্তু এগুলো যথাযথভাবে অনুসরণ করা হয় না। এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে। পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) হিসাবে দেখানো হয়েছে, ঢাকা শহরে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর শিকার হয় ৮৬ শতাংশ পথচারী। পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুযোগ না থাকাই এর অন্যতম কারণ।পথচারীদের চলাচলের নানামুখী বাধার বিষয়ে পর্যবেক্ষণ করে পবা বলেছে, হাইকোর্টের আদেশের পরও ফুটপাতে মোটরসাইকেল চলাচল কমেনি। বিভিন্ন এলাকায় অবাধেই মোটরসাইকেলের আরোহীরা ফুটপাতে চলছেন। ফুটপাতে মোটর সাইকেল চলাচল বন্ধ আর পথচারীদের হাঁটার পথ নির্বিঘ্ন করতে কী সমাধান—এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারোয়ার জাহান প্রথম আলোকে বলেন, ‘তদারকি না থাকায় ফুটপাতে অহরহ মোটরসাইকেল চলাচল করছে। আইন ভঙ্গকারীদের কঠোর শাস্তি দিলেই এই প্রবণতা কমে আসতে পারে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। শুধু যান চলাচলের বিষয়টি দেখার জন্য ঢাকা মহানগরে ট্রাফিক কর্তৃপক্ষ গঠন করা যেতে পারে।’পবার সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘ফুটপাতে মোটরসাইকেল চলাচল বন্ধে হাইকোর্টের এ আদেশ পথচারীদের ফুটপাতে চলাচলের আইনি অধিকার পাকাপোক্ত করেছে। এখন এ অধিকার প্রতিষ্ঠা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।’