ফুটপাতের ইফতারে অন্য রকম আনন্দ
সাধ্য অনুযায়ী সীমিত পরিসরে ইফতার আয়োজন করেন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের ইফতারে থাকে না কাবাব আর হালিমের মতো খাবার। বেচাকেনার ফাঁকে ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, আলুর চপ—এসব দিয়েই সাদামাটা ইফতার। দিনের রোজগার ভালো হলে যোগ হয় নতুন খাবার, রোজগার কম হলে বাদ পড়ে আরও কিছু আইটেম।গতকাল রোববার ফার্মগেটের ফুটপাতে ক্ষুদ্র ভাসমান ব্যবসায়ীদের ইফতারচিত্র দেখতে গিয়ে এসব তথ্য মেলে। তেজগাঁও কলেজের সামনের ফুটপাতে প্যান্টের দোকানদার মো. সফি বলেন, ‘সব জিনিসের দাম তো বেশি। দামি ইফতারি কেনার সাধ্য তো আমাদের নেই। যা কিনতে পারি, এতে আমাদের অনেক আনন্দ। আল্লাহর সন্তষ্টি লাভে সারা দিন রোজা রেখে সবাই মিলে ইফতার করি।’সরেজমিনে দেখা যায়, বিকেল চারটার পর থেকেই ইফতারির আয়োজনে ব্যস্ত হয়ে ওঠেন ফার্মগেটসহ আশপাশের ফুটপাতের ব্যবসায়ীরা। একজন বা দুজনকে দায়িত্ব দেওয়া হয় পুরো আয়োজনের। ইফতার তৈরি শেষে সবাই অপেক্ষায় থাকেন আজানধ্বনির। সবাই বসে যান ইফতারের বাটির চারপাশে। একই বাটিতে সবাই ইফতার করেন।ক্ষুদ্র ব্যবসায়ী সালাহ্ উদ্দিন বলেন, ‘৪০০ টাকার খাবার এনে ১২-১৩ জনে ইফতার করি। বাটি, পেয়ালা, চাকু, গ্লাসসহ অনেক উপকরণ কিনতে প্রথম দিনে খরচ হয়েছে ৯০০ টাকা।’ পুরো রমজান মাসের জন্য আশপাশের তিন দোকান মিলে এ আয়োজন করা হয়েছে। তিন দোকানের লোকজন একই সঙ্গে ইফতার করেন। প্রতিবছর এভাবেই করা হয় তাঁদের ইফতারের আয়োজন।ইফতারের আগে ফার্মগেটে ফুটপাতের গেঞ্জি, জুতা, প্যান্ট, শার্টসহ সব ভাসমান দোকানপাটে একইভাবে ইফতারির আয়োজন চলে। ২০ বছর ধরে ফার্মগেটের ফুটপাতে প্যান্ট বিক্রেতা আবদুল আজিজ বলেন, ‘প্রথম দিনে ৫৫০ টাকা খরচ হয়েছে। কিছু উপকরণ কিনতে হয়েছে। পাঁচ-ছয়জনের জন্য খাবার আনা হলেও আসলে ১২-১৪ জন লোক একসঙ্গে ইফতার করি। পথচারীদেরও ডাকি।’ কাবাব আর হালিমসহ অন্যান্য ইফতারসামগ্রীর কথা উঠতেই আজিজ আক্ষেপের সঙ্গে বলেন, ‘আমরা সাধারণ মানুষ। সাধারণ ইফতার করি। বড়লোকের খাবারের কথা ভাবলে তো চলবে না।’ফার্মগেট এলাকায় ইফতারে বিদ্যুৎ ও পানির সংকট এখনো হয়নি বলে জানালেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আর বিদ্যুৎ না থাকলে বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা রয়েছে। তবে ফুটপাতের এই ভাসমান ব্যবসায়ীদের অভিযোগ, ইফতারসামগ্রীর মূল্য গতবারের চেয়ে এবার তুলনামূলক বেশি।ইফতার বিক্রেতারা জানান, গতবারের চেয়ে এবার ইফতারসামগ্রীর দাম কিছুটা বেশি। ফার্মগেট এলাকায় জিলাপি ১০০ থেকে ১২০ টাকা, বুরিন্দা ১২০ টাকা, ছোলা ১২০ টাকা কেজি, হালিম বাটিপ্রতি সর্বনিম্ন ৭০ থেকে শুরু করে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া নিমকি, চপ, বেগুনি, পেঁয়াজু, জালি কাবাবসহ সব ইফতারসামগ্রীর দাম এবার বেশি।ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী মো. শাহীন বলেন, ‘এলাকা থেকেই আমরা ইফতারি কিনি। চিনি আর লেবু কিনে শরবত বানাই। সবাই মিলে ইফতার করি। এতেই অনেক আনন্দ।’